ফাইনালে সেই আরামবাগকেই পেল আবাহনী

একটু পরপর আবাহনী গ্যালারি থেকে চিৎকার। কখনো সানডে, কখনো জুয়েল রানার নাম ধরে। কিন্তু জাতীয় দলের ফরোয়ার্ড জুয়েল রানা এদিন বারবার বল নিয়ে ঢুকেছেন, আর সহজ সুযোগ নষ্ট করেছেন। সুযোগ নষ্ট করেছেন সানডে সিজোবাও। তারপরও আজ ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেলকে ২-১ গোলে হারানোর ম্যাচে বড় অবদান সানডের। নিজে একটি গোল করেছেন, একটি করিয়েছেন সেনেগাল ফরোয়ার্ড কামারা সারবাকে দিয়ে। টানা দুটি ম্যাচে পরপর সেরার পুরস্কার হাতে তুললেন সানডে সিজোবা। ২৭ জুন ফাইনালে আরামবাগের মুখোমুখি হবে আবাহনী। এই আরামবাগের কাছেই গ্রুপ পর্বে হেরেছিল আকাশী নীল দলটি।
আজ আবাহনী খেলতে নেমেছিল তাদের বড় অস্ত্র ব্রিটিশ ফরোয়ার্ড লি টাককে ছাড়াই। অ্যাঙ্কেলের চোটের কারণে আজ ছিলেন দর্শকের ভূমিকায়। কোচ জর্জ কোটানের কপালে তাই একটু দুশ্চিন্তার ভাঁজ ছিলই। কিন্তু তার দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে ম্যাচের ৫ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন কামারা। সানডের পাস থেকে হেডে কামারা করেন ১-০। এরপর ৮ মিনিটে সানডে বক্সের সামনে শেখ রাসেল গোলরক্ষক একা পেয়েও বল মারলেন বাইরে।
১৫ মিনিটে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। অবশ্য তিন মিনিট পরই আবারও ফ্লাডলাইট জ্বলে উঠলে খেলা শুরু হয়। ম্যাচের ৩৭ মিনিটে আবারও সানডে গোলের সহজ সুযোগ নষ্ট করেন। গোল শোধে মরিয়া শেখ রাসেল ম্যাচে ফেরে ৬৪ মিনিটে রুম্মনের গোলে। পল এমিলের পাস থেকে পাওয়া বল নিয়ে রুম্মন যেন হেসেখেলে গোলটি করলেন। আবাহনীর দুই ডিফেন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন! তবে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি আবাহনীকে সানডে। মুহূর্তেই জ্বলে উঠলেন। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন সানডে। বক্সের বাইরে থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্তভাবে শেখ রাসেল গোলরক্ষক লিটনের মাথার ওপর দিয়ে বল তুলে দেন জালে। বাকি সময় অবশ্য জুয়েল রানা ও নাবিব নেওয়াজ জীবন দুবার একা গোল দেওয়ার চেষ্টা করে সুযোগ নষ্ট করেছেন। তা না হলে আরও বড় ব্যবধানেই জিতে বাড়ি ফিরতে পারত আবাহনী।