
শহরে ঢোকার মুখে স্বাগত জানায় কিন ব্রিজ। ব্রিটিশ ভারতভুক্ত আসামের গভর্নর মাইকেল কিনের স্মৃতিবিজড়িত সেতুর রেলিংয়ে সাঁটা বাংলা সিনেমার পোস্টার। শোকের মাস স্মরণে টানানো ডিজিটাল ব্যানার। কিন্তু শহরে ঢুকে চোখে পড়ল না সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের বিজ্ঞাপনী কোনো তোরণ।
অথচ দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চলছে এই শহরে। স্টেডিয়ামের আশপাশে অবশ্য বেশ কটি তোরণ বানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। তবে এ দিয়ে সিলেটের দর্শকের ফুটবল-উন্মাদনা মাপাটা হবে ভুল। এখানে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকলেই উপচে পড়ে গ্যালারি। গত বছর তো নেপালের সঙ্গে জাতীয় দলের প্রীতি ফুটবল ম্যাচে স্টেডিয়ামের সীমানাবেষ্টনীই ভেঙে পড়েছিল। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপও দেখেছে উচ্ছল গ্যালারি। পরশু অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচে অন্তত চার-পাঁচ হাজার দর্শক টিকিট না পেয়ে স্টেডিয়াম থেকে ফিরে গেছে। প্রবল বৃষ্টি বা কড়া রোদ আটকে রাখতে পারে না ফুটবলপ্রেমী সিলেটবাসীকে। এক সপ্তাহ ধরে বৈকালিক বিনোদনের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে কিশোরদের সাফ ফুটবল। বোনাস হিসেবে যুবদল উপহার দিচ্ছে জয়, পুণ্যভূমির দর্শকদের কাছে এ যেন সোনায় সোহাগা।
গ্রুপ পর্বে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফেবারিট তকমাটা গায়ে লাগিয়ে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হতে পারে, তা নিয়েই শহরের চায়ের কাপে ঝড়। কাল বিকেলে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে আফগানিস্তান। ১৬ আগস্ট ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তাই সেমিফাইনালে লড়বে ‘বি’ গ্রুপ রানার্সআপ আফগানিস্তানের সঙ্গে। গত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ হয়েছিল তৃতীয়।
বছর দুয়েক আগের সেই দলটির সঙ্গে এবারের দলটিকে মেলানো যাবে না। এই টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে আয়োজন করেছিল সেইলর অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। এরপর সারা দেশ থেকে বাছাই করা হয় শাওন, সাদ, আবু বকর, নিপুদের। ওদের সবার চোখেমুখে আত্মবিশ্বাসের ঝিলিক। তবে ভারতকে হারিয়েও পা তাদের আছে মাটিতেই। ম্যানেজমেন্টের কঠোর অনুশাসনে ভারতকে হারানোর তীব্র আনন্দটাও চেপে রাখতে হয়েছে মনের মধ্যে। হোটেলে ফেরার পরও উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না। শুধু দু-একটি কক্ষে মুঠোফোনে গানের তালে একটু নাচানাচি হয়েছে। ঠিকই তো, সেমিফাইনালের আগেই উচ্ছ্বাসে কেন ভেসে যেতে হবে?
অধিনায়ক শাওন বলল, ‘ভারতের সঙ্গে ম্যাচটা খুবই কঠিন ছিল। ওদের চিরপ্রতিদ্বন্দ্বী ধরে নিয়েই খেলেছি। কোচ ম্যাচের আগে বলেছিলেন ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। কোচকে আমরা জয়টা উপহার দিয়েছি।’
কোচ সৈয়দ গোলাম জিলানী কাল মাঠের অনুশীলন রাখেননি। তবে সকালে হোটেলের সুইমিংপুলে সাঁতরেছে ফুটবলাররা। হোটেল থেকে ফেরার পথে টিম বাসে দেখা গেল একদল উচ্ছল কিশোরকে। পুলিশ প্রহরায় ফিরছিল দলটি। হোটেলের নিচে দাঁড়িয়ে তখন উৎসুক জনতা। অনেকে মুঠোফোনে ফুটবলারদের ছবিও তুলছিল।
দলটা যেন সুখী পরিবারের বিজ্ঞাপন। বাসের মধ্যে চলল ফুটবলারদের খুনসুটি। একজনের চশমা কেড়ে নিচ্ছে আরেকজন। কপালে তুলে, চোখে দিয়ে মজা করছে। কেউ আবার পত্রিকার পাতায় জয়ের উচ্ছ্বাসভরা ছবি দেখতে ব্যস্ত।
স্ট্রাইকার নিপুকে দেখাল বেশি আত্মবিশ্বাসী। কিশোরগঞ্জ বাজিতপুরের ভূঁইয়া ফুটবল একাডেমির কিশোর যেন আগেভাগেই জানত ভারতকে হারাবে বাংলাদেশ, ‘ভারতকে হারানোর আত্মবিশ্বাস আমাদের ছিল। ক্রিকেটে তো ভারতকে হারিয়েছেন মাশরাফি ভাইয়েরা। এবার ফুটবলেও হারানোর প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলাম।’
ভারতকে গ্রুপ ম্যাচে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নই হওয়া গেছে। আসল দুটি ম্যাচ তো এখনো বাকি—সেমিফাইনাল ও ফাইনাল। আগামীকাল আফগানিস্তানের সঙ্গে সেমিফাইনাল। সেটির সাফল্য নিয়ে যাবে ১৮ আগস্টের ফাইনালে। বাংলাদেশ যুব ফুটবল দল ওই ম্যাচ দুটিকেই করছে পাখির চোখ। ওই দুই ম্যাচের সাফল্যেই অনূর্ধ্ব-১৬ ফুটবলে দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে মাথায়। দেশের মাটিতেই এক যুগ আগে অগ্রজেরা এনেছিলেন সাফ ফুটবলের মুকুট। এবার অনুজেরা ওই কীর্তির পুনরাবৃত্তি-আকাঙ্ক্ষায় প্রার্থনা ও প্রতিজ্ঞায় এককাট্টা হয়ে ক্ষণ গুনছে শ্যামল সিলেটে।