ফাইনালের আগে আর্জেন্টিনার ফুটবলে অদলবদল

লুইস সেগুরার ক্ষোভটা এই জায়গাতেই। গোটা আর্জেন্টিনা যখন শতবর্ষী কোপার ফাইনালের অপেক্ষায়, ঠিক তখনই কেন ফিফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেবে? তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই কর্মকাণ্ডকে ‘পাগলামি’, ‘নির্বোধের কাণ্ড’ ও ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছেন। সেগুরার মতে, ফিফার এই কাণ্ডের কোনো ‘ক্ষমা নেই’।
গত শুক্রবার ফিফা এএফএর সভাপতির পদ থেকে সেগুরাকে সরিয়ে সেখানে একটি বিশেষ প্রশাসক কমিটি নিয়োগ দিয়েছে। এই কমিটির কাজ আর্জেন্টাইন ফুটবলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে সেখানকার ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দেওয়া।
এ ধরনের উদ্যোগের জন্য ফিফা যে সময়টা বেছে নিয়েছে, সেগুরার আপত্তি এতেই, ‘আর্জেন্টিনা যখন কোপার ফাইনালে মাঠে নামার অপেক্ষা করছে, ঠিক তখনই ফিফাকে এমন কিছু করতে হবে!’
২০১৪ সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান হুলিও গ্রান্দোনার মৃত্যুর পর থেকেই অস্থির সময় পার করছে আর্জেন্টাইন ফুটবল। গত বছর প্রহসনমূলক এক নির্বাচন হয়েছিল এএফএতে। সেখানে সেগুরা ও টিভি ব্যক্তিত্ব মার্সেলো তিনেল্লির মধ্যে ভোট ৩৮-৩৮-তে টাই হয়ে যায়। অথচ ভোট দিতে পেরেছিলেন মাত্র ৭৫ জন প্রতিনিধি। একটা বাড়তি ভোট ও সমান সমান ভোট হয়ে যাওয়া—এখান থেকেই বোঝা যায় নির্বাচন স্বচ্ছ হয়নি।
তা ছাড়া টিভি স্বত্ব নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ কারণেই হস্তক্ষেপ করল ফিফা।
সেই হস্তক্ষেপের সময় নিয়েই প্রশ্ন তুলেছেন সেগুরা। ৩০ জুন পর্যন্ত তাঁর বর্তমান মেয়াদ ছিল। এরপর নতুন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতেন। কিন্তু এর আগেই তাঁকে সরিয়ে দিয়ে ফিফা নিযুক্ত কমিটি নির্বাচনের ভার নিয়েছে। এএফএ প্রধান হিসেবে ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ দেখার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই ধরতে হলো দেশের বিমান! সূত্র: এএফপি।