ফাইনালের আগে আর্জেন্টিনার ফুটবলে রদবদল
আজ সকালে কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ফলাফল কী, মেসিরা জিততে পেরেছেন কি না—সেটি হয়তো এতক্ষণে জেনে গেছেন। তবে আনন্দ-বেদনা যা-ই হোক, একটা বিষয় নিশ্চিত, তাতে মেসিদের সঙ্গী হতে পারেননি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি লুইস সেগুরা। ফিফা যে তাঁকে এএফএর সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সর্বশেষ নির্বাচন নিয়ে ঝামেলার কারণে সেগুরাকে সরিয়ে সাত সদস্যের একটি বিশেষ কমিটিকে এএফএ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৪ সালে হুলিও গ্রন্দোনা মারা যাওয়ার পর থেকেই একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে এএফএ। এবারেরটি গত বছরের নির্বাচনকে ঘিরে। ৭৫ সদস্য ভোট দিয়েছেন, অথচ সেগুরা ও তাঁর প্রতিদ্বন্দ্বী মার্সেলো তিনেল্লির লড়াই শেষ হয়েছে ৩৮-৩৮ সমতায়! হিসাবের গোলমালই বলছে, নির্বাচনে কোনো একটা ঝামেলা হয়েছে। এ জন্যই আগামী নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সেগুরাকে সরিয়ে ওই বিশেষ কমিটিকে নিয়োগ দিয়েছে ফিফা। ২০১৭ সালের জুলাই মাসের মধ্যেই এই কমিটি নতুন নির্বাচন করবে।
তবে সেগুরা হঠাৎ এই হস্তক্ষেপ মেনে নিতে পারছেন না। কোপার ফাইনাল দেখবেন বলে গত পরশুও তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ফিফার এই আদেশ পেয়ে দেশে ফিরে যান। যাওয়ার আগে ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘রোববার আর্জেন্টিনা একটা ফাইনাল খেলবে, আর শুক্রবার ফিফা নতুন কমিটি নিয়োগ দেওয়ার ঘোষণা দিল। এটা নির্বুদ্ধিতা, পাগলামি, ক্ষমার অযোগ্য।’ এএফপি, ইএসপিএন।