ফাইনালের আগে ফাইনাল নিয়ে
বার্সার ডাবলের চেয়েও...
মাত্র ১ পয়েন্ট দূরত্বে হাতছাড়া হয়ে গেছে লা লিগার শিরোপা। খেলোয়াড় বিতর্কে কোপা ডেল রে থেকে রিয়াল মাদ্রিদ বাদ পড়েছে শেষ ৩২-এর পর্বেই। এ দুটি শিরোপাই জিতে নিয়েছে বার্সেলোনা। রিয়ালের মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকেও। লিগে তারা চ্যাম্পিয়ন বার্সার চেয়ে পিছিয়ে ছিল ৩ পয়েন্টে। কোপা ডেল রে থেকে বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালেই। ঘরোয়া দুটি প্রতিযোগিতায় ব্যর্থ এই দুটি দলই মিলানে মুখোমুখি ইউরোপ-সেরা ক্লাবের লড়াইয়ে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিতে কি বার্সার সেই ডাবল জয়ের কীর্তিকে ছাড়িয়ে যাওয়া যাবে?
অ্যাটলেটিকো কী ভাবছে সেটা ক্রিস্টিয়ানো রোনালদো জানেন না। তবে তাঁর চোখে বার্সার ডাবলের চেয়েও এটি হবে বড় অর্জন। স্প্যানিশ ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি আমরা চ্যাম্পিয়নস লিগ জিতি, সেটি বার্সার ডাবলের চেয়েও মূল্যবান হবে। কারণ চ্যাম্পিয়নস লিগ একটা স্বপ্নের মতো ব্যাপার। অনেক অভিজাত খেলোয়াড় আছে, যারা কোনো দিন এটা জিততে পারেনি। আমি হৃদয় থেকে বলছি, আমি কখনো এটার বিনিময়ে অন্য কিছু নেব না।’
বোঝাই যাচ্ছে, ইউনাইটেড আর রিয়ালের হয়ে আগে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেও এ ট্রফিটা নিয়ে কতটা আচ্ছন্ন রোনালদো! ইএসপিএন।
বিশাল অর্থেরও হাতছানি
এ ট্রফিটার সঙ্গে জড়িয়ে থাকা সম্মানটা অতুলনীয়। এটা হাতে তুলে ধরার আনন্দই আলাদা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিতলে শুধু ট্রফিটাই পাবে না রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো, শিরোপাজয়ী দলের জন্য আছে বিশাল অঙ্কের প্রাইজমানিও। এই মৌসুম থেকেই আয় বণ্টননীতি কিছুটা বদলেছে উয়েফা। নতুন আইনে প্রাইজমানিও অনেক বাড়ানো হয়েছে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। এ ছাড়া চ্যাম্পিয়ন দলটিকে ফিফার পক্ষ থেকেও দেওয়া হয় একটা বিশাল অঙ্কের অর্থ। সব মিলিয়ে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগজয়ী দলটি পাবে প্রায় ১২ কোটি ইউরো। রিয়াল মাদ্রিদ অবশ্য আগেই ঘোষণা দিয়ে রেখেছে শিরোপা জিতলে এর পুরোটাই ভাগ করে দেওয়া হবে সব খেলোয়াড়, কোচ এবং ক্লাবের কর্মকর্তাদের মধ্যে। আর তাতে করে রিয়ালের হয়ে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে একটা ম্যাচ খেলেছেন, এমন খেলোয়াড়ও পাবেন অন্তত ৬ লাখ ইউরো করে। মার্কা।
সান সিরোর অভিশাপ কাটবে?
আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কি শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ? সান সিরোও যে অদৃশ্য প্রতিপক্ষ! রিয়াল এর আগে এই মাঠে ১৪ বার খেলেও কখনো জিততে পারেনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচ খেলে হেরেছে আটটিতেই, ড্র করেছে তিন ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় হারও এই মাঠে, ১৯৮৯ সালে আরিগো সাচ্চির এসি মিলানের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।
তবে সান সিরোর ফাঁড়া কাটানোর জন্য রিয়ালের ভরসা হতে পারেন গ্যারেথ বেল। এ মাঠেই দুর্দান্ত একটা স্মৃতি আছে রিয়াল উইঙ্গারের। ২০১০ সালে টটেনহামের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পরের বছর টটেনহাম সান সিরোতে এসে হারায় এসি মিলানকে। ওই ম্যাচে বেলের সঙ্গে টটেনহামেরই আরেক সাবেক লুকা মডরিচও বেঞ্চেই ছিলেন। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও সান সিরো অপয়া। ইউনাইটেড ও রিয়ালের হয়ে এখানে তিন ম্যাচ খেলে তাঁর কোনো জয় নেই। রয়টার্স।
তৃতীয় আর্জেন্টাইন, না প্রথম ফ্রেঞ্চ?
খেলোয়াড় ও কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ছয়জন। তবে জিনেদিন জিদানের সামনে একটা ‘প্রথমের’ হাতছানি। এর আগে কোনো ফ্রেঞ্চ কোচ চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি, জিদান হতে পারেন প্রথম। তবে ডিয়েগো সিমিওনের আগে আরও দুই আর্জেন্টাইন কোচ জিতেছেন চ্যাম্পিয়নস লিগ—লুইস কারনিলিয়া ও হেলেনিও হেরেরা। কিংবদন্তির রিয়াল মাদ্রিদকে ১৯৫৮ ও ১৯৫৯ সালে দুবার ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন কারনিলিয়া। আর ‘কাতানেচ্চিও’র জন্য বিখ্যাত হেরেরা ১৯৬৪ ও ১৯৬৫ সালে টানা দুবার ইন্টারকে এনে দিয়েছেন ইউরোপিয়ান কাপ। পরের ৫১ বছরে আর কোনো আর্জেন্টাইন চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি। আজ কি সিমিওনে পারবেন? উয়েফাডটকম।