ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামের পাশের কমপ্লেক্স মাঠে ফুটবলারদের নিয়ে গোল হয়ে বসলেন কোচ গঞ্জালো মোরেনো। দূর থেকেও শোনা যাচ্ছিল তাঁর চিৎকার, ‘বাংলাদেশ ইজ বেটার দ্যান ইন্ডিয়া।’ কাগজে-কলমে যা-ই হোক না কেন, ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে কোনো কমতি রাখতে চাননি এই স্প্যানিয়ার্ড।
ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে আজ বেলা আড়াইটায় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশ। গত আসরে জেতা সোনাটা ধরে রাখার লড়াইয়ে নামতে হলে এ ম্যাচ জিততেই হবে। রেজাউল-হেমন্তরা তাই কোচের কথা শুনছিলেন অখণ্ড মনোযোগে। নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অবশ্য বেশ আত্মবিশ্বাসী। খেলাটা ভারতের মাটিতে, দর্শকও থাকবে ভারতের পক্ষে। তবু নিজের দলকেই ফেবারিট দেখেন কোচ, ‘এই ম্যাচে বাংলাদেশই ফেবারিট। ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না, তবু আমরা ভালো খেলে ফাইনালে যেতে চাই।’
ইতিহাস অবশ্য অনুপ্রাণিত করবে বাংলাদেশকে। ঢাকায় সর্বশেষ এসএ গেমসের সেমিফাইনালেও প্রতিপক্ষ ছিল ভারত। সেবার তৌহিদুল আলম সবুজের শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে হারিয়ে ১১ বছর পর দক্ষিণ এশিয়ান গেমসে ফুটবলে সোনা জেতেন আমিনুল, ওয়ালী, মামুনুলরা। সেই অর্জনটা ধরে রাখার চ্যালেঞ্জ এখন হেমন্ত-রেজাউল-রায়হানদের কাঁধে।
গত দুই ম্যাচে বাংলাদেশ মোটেও ভালো ফুটবল উপহার দিতে পারেনি। তবে দলের অন্যতম ভরসা হেমন্ত আজ ভালো কিছু করার প্রতিশ্রুতি দিলেন, ‘বাবার অসুস্থতার কারণে মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিলাম আমি। প্রথম দুই ম্যাচে তাই ভালো খেলতে পারিনি। আজ চেষ্টা করব নিজের সেরাটা উজাড় করে দিয়ে খেলতে।’
ড্র করলেই মেয়েরা ফাইনালে: বাংলাদেশের মেয়েদের সামনেও আজ ফাইনালে ওঠার হাতছানি। শিলংয়ে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে। গেমসের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হারের পর মেয়েদের নিয়ে আশার বেলুন ওড়ানোর মানুষ খুব বেশি পাওয়া যায়নি। তবে এ ম্যাচটির পরই ঘুরে দাঁড়ান সাবিনারা। এরপর শ্রীলঙ্কাকে ২-১ এবং মালদ্বীপকে ২-০ গোলে হারায় মেয়েদের দল। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে নেপাল। এরই মধ্যে নেপাল ফাইনালে উঠে গেছে। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দুইয়ে। আজ ড্র করলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে ৫ পয়েন্ট পাওয়া ভারতকে আজ জিততেই হবে।