ফাইনালের আগে রিয়ালের চিন্তা বেড়েই চলেছে

ফাইনালের আগে চোট আর কোভিড সমস্যায় রিয়ালছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার বিপক্ষে মূল একাদশেই ছিলেন। সুস্থ থাকলে স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিওকে যে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ফাইনালের একাদশেও রাখা হতো, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু রিয়ালের নিশ্চয়তার জায়গাটায় ধাক্কা দিলেন আসেনসিও নিজেই। মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই উইঙ্গার।

আসেনসিওকে ছাড়াই এখন মৌসুমের প্রথম শিরোপা জেতার পরিকল্পনা করতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে।

আসেনসিওকে পাওয়া যাবে না ফাইনালে
ছবি : রয়টার্স

আজ দিবাগত রাত সাড়ে ১২টায় রিয়াদের কিং ফাহাদ জাতীয় স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের আগেই এই খবরে রিয়াল শিবিরে আসেনসিও দুশ্চিন্তা ছড়িয়ে দিলেন যেন। চোটের কারণে রিয়ালের অনুশীলনেও যোগ দেননি এই উইঙ্গার। তবে রিয়ালের দুশ্চিন্তা যে শুধু আসেনসিওর কারণেই, সেটি বললে ভুলই হবে। বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনাল খেলা স্প্যানিশ রাইটব্যাক দানি কারভাহালকেও ফাইনালে পাচ্ছে না রিয়াল। কোভিড পজিটিভ হয়ে দলের চিন্তা বাড়িয়েছেন এই রাইটব্যাক।


স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আসেনসিওর জায়গায় ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোজের খেলা একরকম নিশ্চিত। সেটি হলে ভিনিসিয়ুস আর বেনজেমার সঙ্গে রিয়ালের আক্রমণভাগ সামলাবেন ২১ বছর বয়সী এই তরুণ। বার্সেলোনার বিপক্ষে আসেনসিওর বিকল্প খেলোয়াড় হিসেবেও রদ্রিগোকেই নামানো হয়েছিল। আর কারভাহালের জায়গায় খেলবেন স্প্যানিশ উইঙ্গার লুকাস ভাসকেজ।

কোভিড পজিটিভ হয়েছেন কারভাহাল
ছবি : রয়টার্স

রিয়ালের চিন্তা শুধু আসেনসিও আর কারভাহালেই শেষ হচ্ছে না; সেন্টারব্যাক ডেভিড আলাবা খেলবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তবে আসেনসিও অনুশীলন না করলেও আলাবা করেছেন।

তবে দুজনের কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার ইচ্ছা নেই কোচ আনচেলত্তির, ‘দুজনকে খেলানোর ব্যাপারে আমরা সন্দিহান। একজন আসেনসিও, আরেকজন আলাবা। দেখা যাক তারা অনুশীলনে কেমন খেলে। আমি কাউকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নই। আলাবা আর আসেনসিও যদি খেলে, তবে বুঝবেন তারা খেলার জন্য ফিট দেখেই খেলছে।’

সংশয় আছে আলাবাকে নিয়েও
ছবি : রয়টার্স

আর শেষমেশ আলাবাও যদি ফিট না হন, সে ক্ষেত্রে রিয়ালের রক্ষণে জুটি বাঁধবেন ব্রাজিলিয়ান এদের মিলিতাও ও স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।


রিয়ালের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): থিবো কোর্তোয়া; লুকাস ভাসকেজ, নাচো ফার্নান্দেজ, এদের মিলিতাও, ফারলাঁ মেন্দি; লুকা মদরিচ, কাসেমিরো, টনি ক্রুস; রদ্রিগো গোজ, করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র