ফাইনালের পথে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জয়সূচক গোলের পর সুয়ারেজ। ছবি: এএফপি
বার্সার জয়সূচক গোলের পর সুয়ারেজ। ছবি: এএফপি
>
  • ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতেছে বার্সা।
  • মেসির ক্রস থেকে গোল করেছেন সুয়ারেজ।

স্প্যানিশ কোপা ডেল রে আসরে সর্বশেষ দুবার সেমিফাইনাল উঠেও বিদায় নিয়েছে ভ্যালেন্সিয়া। আসরটিতে তাদের সর্বশেষ ফাইনাল ২০০৮ সালে। সেবার বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভ্যালেন্সিয়া। নু ক্যাম্পে কাল রাতে সেই একই আসরের একই মঞ্চে একই প্রতিপক্ষ পেয়ে ভ্যালেন্সিয়া কি বেশি আত্মবিশ্বাসী ছিল? থাকলেও কোনো লাভ হয়নি। সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা।
টানা চতুর্থবার কোপা ডেল রে শিরোপা জয়ের পথে সেমির প্রথম লড়াইয়ে বার্সাকে জয়সূচক গোলটি এনে দেন লুই সুয়ারেজ। ৬৭ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে হেডে মৌসুমের ১৯তম গোল তুলে নেন উরুগুয়ে স্ট্রাইকার। এরপর মেসি নিজেও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল মেরেছেন গোলপোস্টের পাশের জালে। প্রথমার্ধে র‍্যাকিটিচ আর সুয়ারেজও গোলের সুযোগ নষ্ট করেছেন। বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার মাঠে সেমির ফিরতি লেগ।
এবার কোপা ডেল রে জিতলে ঘরোয়া ‘ডাবল’ জয়ের সুযোগ থাকবে বার্সার। লিগ টেবিলে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদের (৪৬) সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে শীর্ষ আর্নেস্তো ভালভার্দের দল। ভ্যালেন্সিয়া এমনিতেই সুয়ারেজের পছন্দের প্রতিপক্ষ। ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ৯ ম্যাচে এ পর্যন্ত ৯ গোল করেছেন সুয়ারেজ।
এ বছর লা লিগার যেকোনো খেলোয়াড়ের চেয়ে সুয়ারেজের গোলসংখ্যাও সর্বোচ্চ (৯)। এবার মেসির সঙ্গে তাঁর জুটিও জমেছে বেশ। বার্সার সর্বশেষ ৯ গোল এসেছে এ দুই তারকার কাছ থেকে। গোলের ক্রমতালিকাটা এমন—মেসি, সুয়ারেজ, মেসি, সুয়ারেজ, সুয়ারেজ, মেসি, সুয়ারেজ, মেসি, সুয়ারেজ!