ফাইনালের স্বপ্নপূরণ

ঘরের মাঠে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার আনন্দই আলাদা। সেটি যদি হয় বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল তাহলে তো আনন্দের মাত্রাটা ছাড়িয়ে যায় অনেক গুণ। গোটা দেশকে কাল সেই উপহার দিয়ে খুশিতে ভরিয়ে দিলেন ফুটবলাররা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি দর্শকে টইটম্বুর। বাইরে হাজার হাজার দর্শক। উৎসবের এমন রঙিন মঞ্চে বাংলাদেশ দলের ফুটবলাররা মন ভরালেন নিজেদের উজাড় করে। ৪০ মিনিটে ডিফেন্ডার নাসিরের এনে দেওয়া গোল ধরে রেখে থাইল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে জয় ১-০ গোলে। বঙ্গবন্ধু গোল্ড কাপের স্বপ্নের ফাইনালে আগামীকালই বাংলাদেশের সামনে মালয়েশিয়া।
বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলেছে সেই ২০০৫ সালের ডিসেম্বরে। করাচিতে সেবার চতুর্থ সাফের ফাইনালে বাংলাদেশ অবশ্য হেরেছিল ভারতের কাছে। মাঝখানে ২০১০ সালে ঢাকায় দক্ষিণ এশিয়ান গেমসের ফাইনাল খেলা দলটি ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে আফগানিস্তানকে হারিয়ে সেই দলটার সোনা জয়ের দিনটাই যেন ভিন্ন আমেজে কাল ফিরে এল আবার।
১৫ বছর পর দেশের মাটিতে বঙ্গবন্ধু কাপ, শুরুতে স্বপ্নটা এত দূর পাখা মেলেনি। কিন্তু মাঠের লড়াইয়ে উল্টে গেল সব হিসাব। মালয়েশিয়া যুব দলের কাছে হার দিয়ে যাত্রা, খানিক হতাশা ঘিরে ধরলেও উজ্জীবিত ফুটবল খেলে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশে পেয়েছিল সেমিফাইনালের ওঠার টিকিট। এই লক্ষ্যটা নিয়েই জাতির জনকের নামে গত ২৯ জানুয়ারি টুর্নামেন্টটা শুরু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেমিফাইনালই যেখানে মনে হচ্ছিল দূরের বাতিঘর, ফাইনালে ওঠা তো প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়াই। ভুল, সেমিফাইনালে উঠেই বাংলাদেশ বিশ্বাস করতে শুরু করেছিল ফাইনালে ওঠা খুবই সম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার আগাম ছবিও তো এখন আঁকা হচ্ছে দেশের ফুটবলপ্রেমী জনতার মনে।
এমন স্মরণীয় উপলক্ষটা এল অধিনায়ক মামুনুলের বাঁ পায়ের এক কর্নারে। দুই থাই ডিফেন্ডারের ফাঁক গলে বাতাসে থাকা বল পায়ের টোকায় জালে পাঠালেন নাসির। কোনো দিকে না তাকিয়ে নাসির ছুটলেন কর্নার পতাকার দিকে। অভিনন্দন জানাতে ছুটল গোটা দল। সে এক অভূতপূর্ব দৃশ্য! গ্যালারিতে ৩০ হাজার দর্শকের গর্জন ততক্ষণে মতিঝিল, প্রেসক্লাব এলাকা ছাপিয়ে দূরদূরান্তে।
থাই যুবারা তা আর স্তব্ধ করতে পারেননি। তেড়েফুঁড়ে গোল শোধের চেষ্টা তাঁরা করেছেন, কিন্তু চূড়ান্ত পাস বের করার জায়গাগুলো বাংলাদেশ দল সফলভাবেই বন্ধ রাখতে পেরেছে। বাংলাদেশ দলের রক্ষণ থাকল জমাট। সেটিরই ফাঁক গলে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি অবশ্য থাই দলটির অধিনায়ক পাকরনের শট লাগল বাংলাদেশের ক্রসবারে। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে, এখানেও তাই।
গোলের আগ পর্যন্ত সুস্পষ্ট প্রাধান্য বাংলাদেশেরই। ‘জিততেই হবে’ চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় শুরু থেকে বাংলাদেশ দল ঝাঁপিয়েছে প্রতিপক্ষের রক্ষণে। মোটের ওপর, রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সব বিভাগেই বাংলাদেশ সেরা সময় কাটাল মাঠে।
গোল করেও সাধারণত সেটি ধরে রাখার দিকেই বেশি মনোযোগ থাকে বাংলাদেশের। এদিন অবশ্য রক্ষণাত্মক হয়নি, দ্বিতীয় গোলের নেশায় বারবার হানা দিয়েছে থাই রক্ষণে। কিন্তু সুযোগ এলেও ২-০ আর হলো না। অগত্যা গোলটা ধরে রাখতে শেষ ২০-২৫ মিনিট কৌশল পাল্টে রক্ষণাত্মক হতে হয়েছে বাংলাদেশকে, ম্যাচসেরা জাহিদকে তুলে ডিফেন্ডার নাসিরকে নামিয়েছেন কোচ। পাঁচ ডিফেন্ডার নিয়ে প্রাণপণে গোল না খাওয়ার প্রতিজ্ঞাপূরণ।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ জয়ের জন্য দলকে দেবেন ৫০ লাখ টাকা, শিরোপা হাতে নিতে পারলে আরও ৫০ লাখ। তবে কোটি টাকা নয়, মামুনুলদের চোখ হয়তো আটকে থাকছে ওই সোনার ট্রফিতেই। যেটি হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।