ফাতিতে পার বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে আবারও নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে বার্সেলোনাছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচ হারার পর আস্তে আস্তে চ্যাম্পিয়নস লিগে আবারও নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে বার্সেলোনা। আর এই ফর্মে ফেরার জন্য ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে একটা লম্বা ধন্যবাদ দিতেই পারে তারা!


ঘরের মাঠে আগের রাউন্ডে এই কিয়েভকেই ১-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেদিন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জেরার্দ পিকে। গত রাতে কিয়েভের মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচের স্কোরলাইনও একই থাকল। তবে এবার ডিফেন্ডার না, প্রত্যাশিত জায়গা থেকেই এসেছে গোলটা। বার্সার নতুন ১০ নম্বর আনসু ফাতির কল্যাণেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

নিজেদের মাঠে কিয়েভ বেশ ভালোই দাপট দেখিয়েছে। ম্যাচের ২৪ মিনিটেই দলের তারকা মিডফিল্ডার মাইকোলা শাপারেঙ্কোর কল্যাণে আরেকটু হলে এগিয়ে যাচ্ছিল কিয়েভ। কিন্তু বলের সঙ্গে ঠিকঠাক পা লাগাতে পারেননি দেখে সে সুযোগ হারায় কিয়েভ।

দুই মিনিট পর আবারও কিয়েভের আক্রমণ, এবার আক্রমণকারীর ভূমিকায় উরুগুয়ের উইঙ্গার কার্লোস দে পিনিয়া। তাঁর শট দুর্দান্তভাবে আটকে দেন বার্সার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। ২৮ মিনিটে শাপারেঙ্কো আরেকটা সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন।

জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা
ছবি : রয়টার্স

তবে বার্সাও যে বসে ছিল, তা বলা যাবে না। ৩২ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার দুর্দান্ত এক হেড পোস্টে লাগে। ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে আসা এক ক্রসে হেড করে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার নিকো গঞ্জালেস, সেখান থেকে ফাতির কাছে বল গেলে ফাতিও জালে বল জড়াতে পারেননি।

৫৮ মিনিটে গোল করার আরেকটা সুবর্ণ সুযোগ পায় কিয়েভ। বার্সেলোনার দুর্বল রক্ষণে ফাঁক খুঁজে পেয়েছিল কিয়েভ, কিন্তু লেফটব্যাক ওলেকসান্দর কারাভায়েভ বাঁকিয়ে বলটা জালে জড়াতে পারেননি।

৬২ মিনিটে ফাতির কল্যাণে একটা পেনাল্টি পায় বার্সেলোনা, কিন্তু পরে ভিএআরের সাহায্যে রেফারি নিশ্চিত হন, ফাতি নিজেই নিজের পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে ডি-বক্সে পড়ে গিয়েছিলেন। এ কারণে সে পেনাল্টি বাতিল হয়। তবে গোল করার জন্য আর পেনাল্টির আশায় বসে থাকেননি ফাতি। রাইটব্যাক অস্কার মিঙ্গেসার ক্রসে গোল করে ৬৯ মিনিটে দলকে এগিয়ে দেন এই তরুণ। ৭৬ মিনিটে ওসমানে দেম্বেলেও বাঁ পায়ে দৃষ্টিনন্দন এক গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল সরাসরি চলে যায় কিয়েভ কিপারের হাতে। শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। ভারপ্রাপ্ত কোচ সের্হি বারহুয়ান পান নিজের প্রথম জয়।


৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বায়ার্ন মিউনিখ।