
কারা জিতবে প্রথম ফারাজ চ্যালেঞ্জ কাপ? ফারইস্ট নাকি গ্রিন ইউনিভার্সিটি?
আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল শেষে জানা যাবে চ্যাম্পিয়নের নাম। ঘরে বসেও চাইলে চোখ রাখা যাবে ফাইনালের ওপর। ম্যাচটা সরাসরি দেখাবে এটিএন বাংলা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। বিশেষ অতিথি ফারাজের মা সিমিন হোসেন।
গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বন্ধুর জন্য জীবন উৎসর্গ করেন ফারাজ। তাঁকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজন করছে ঢাকার সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটি। টাইটেল স্পনসর ওয়ালটন।
ফাইনাল উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে দুই দল জয়ের আশাবাদ রাখল। তবে খেলাটা তাদের কাছে বড় নয়। খেলা ছাপিয়ে এই টুর্নামেন্টের ইতিবাচক দিকটিই যেমন আগে বললেন গ্রিনের কোচ সাবেক জাতীয় ফুটবলার রাশেদুল ইসলাম, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে এখন সব ক্যাম্পাসে খেলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে ফুটবল। কে জিতল, সেটা বড় নয়।’
ফারইস্টের কোচ শরিফুল ইসলামের কথাও প্রায় একই। সঙ্গে যোগ করেন, ‘এখানে জেতার চেয়ে বড় হলো বন্ধুত্ব, ফারাজের সাহসিকতা। আশা করি, আমাদের ছেলেরা এ থেকে অনেক কিছু শিখবে।’
তবে এটা যেহেতু টুর্নামেন্ট, মাঠে ভালো খেলার ব্যাপারটাও চলে আসে। এই টুর্নামেন্টে কয়েকজন খেলোয়াড় নজর কেড়েছেন। তাঁদের জন্য সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু দিলেন সুখবর, ‘শুনেছি কিছু ভালো ফুটবলার আছে এখানে। তেমন কাউকে পেলে তাকে শেখ জামালে সুযোগ দেব আমরা।’
টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের কণ্ঠে থাকল পরিতৃপ্তি। সবার সহযোগিতা পেয়েছেন। বললেন সেমিফাইনালে প্রচুর দর্শক উপস্থিতির কথাও, ‘ছাত্রছাত্রীদের উল্লাস দেখে সেই আবাহনী-মোহামেডান ম্যাচের কথা মনে পড়ল আমার।’
প্রধান অতিথি সাবেক জাতীয় ফুটবলার ও কোচ গোলাম সরোয়ার টিপু ফারাজের আত্মত্যাগ থেকে জীবনে চলার পথে প্রেরণা খোঁজার কথা বলেছেন। ফুটবলের বর্তমান অবস্থার জন্য আত্মসমালোচনাও করেছেন টিপু, ‘ফুটবলের খারাপ সময়ের জন্য আমরা কোনো না কোনোভাবে সবাই কমবেশি দায়ী।’
সংবাদ সম্মেলনে ছিলেন ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন। তাঁর গায়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির পেছনে লেখা ‘উই আর ফারাজ’। যারেফ বলেন, ‘ফারাজ ফুটবল খুব ভালোবাসত। আমি আশা করব, এ আয়োজন সার্থক হবে এবং অংশ নেওয়া খেলোয়াড়েরা ফুটবলটাকে সামনে এগিয়ে নেবে।’
উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের প্রতিনিধি সাইদুর রহমান, ম্যাক্স গ্রুপের মঞ্জুরুল করিম, বাফুফের মাঠ কমিটির প্রধান ফজলুর রহমান বাবুল ও সাবেক তারকা ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম, কায়সার হামিদসহ আরও অনেকে। সঞ্চালনা করেছেন হাসানুজ্জামান বাবলু।