ফার্গি টাইমের আক্ষেপ বাড়িয়ে হারল ইউনাইটেড

ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কা। তৃতীয় মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেডের বক্সের সামনে ফ্রি কিক পেল সান্ডারল্যান্ড। তাতেই গোল! শুরুটা একদমই ভালো হলো না ইউনাইটেডের। শেষটাও তো তাই। অবনমন অঞ্চলে ধুঁকতে থাকা দলটির কাছে যে ২-১ গোলে হেরে গেল লুই ফন গালের দল!
ম্যাচের আগে দুদলের মানসিক অবস্থান ছিল বিপরীতমুখী। আগের ম্যাচেই শেষ মুহূর্তের দুই গোলে লিভারপুলের সঙ্গে ড্র করে সান্ডারল্যান্ড ছিল উজ্জ্বীবিত। অন্যদিকে একই ভাবে যোগ করা সময়ে গোল খেয়ে গত সপ্তাহে চেলসির সঙ্গে ড্র মেনে নিতে হয়েছিল ইউনাইটেডকে। আজকের ম্যাচে যেন দুদলের মানসিক অবস্থারই ছাপ রয়ে গেল।
শুরুর ধাক্কাটা অবশ্য প্রথমার্ধেই সামলে নিয়েছিল ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার ৬ মিনিট আগে রেড ডেভিলদের সমতায় নিয়ে আসেন অ্যান্থনি মার্শিয়াল। সুযোগটা পড়ে পাওয়া, তবে ফিনিশিং ছিল বেশ সুন্দর। হুয়ান মাতার শট ফিরিয়ে দিয়েছিলেন সান্ডারল্যান্ড গোলকিপার ভিতো ম্যানোনে। কিন্তু বল গিয়ে পড়ে মার্শিয়ালের পায়ে। দুর্দান্ত চিপে সেটি জালে জড়িয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
ধারণা করা হচ্ছিল, দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে আসবে ইউনাইটেড। কোথায় কী? উল্টো যেন তাদের চেপে ধরল সান্ডারল্যান্ড। পুরো ম্যাচে ইউনাইটেডের পোস্ট লক্ষ্য করে ২১টি শট নিয়েছে সান্ডারল্যান্ড, শুধু এই অর্ধেই ১৫টি। ফলও এল ৮২ মিনিটে। লামিন কোনের শট ঠেকাতে গিয়ে উল্টো নিজের জালের দিকেই ঠেলে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়া।
স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর এমনিতেই দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ আছে, তবে ইউনাইটেড সমর্থকেরা আরেকটি বিষয় চিন্তা করে হয়তো একটু বেশিই দুঃখ পাবেন। সেটি হলো ‘ফার্গি টাইম’। ফার্গুসনের সময়ে ম্যাচের শেষ দিকে গোল করে ভুরি ভুরি ম্যাচ জিতেছে ইউনাইটেড, অথচ এখন যেন তার উল্টো। নতুন বছরে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে যে চারটি ম্যাচে জিততে পারেনি ইউনাইটেড (দুটি ম্যাচে হেরেছে ও দুটি ম্যাচে ড্র করেছে), তার সবগুলোতেই ৮০ মিনিটের পরে গোল হজম করেছে।