ফার্গিকে ফিরিয়ে দিয়েছিলেন মরিনহো
ডেভিড ময়েস যে তাঁর প্রথম পছন্দ ছিল না, স্যার অ্যালেক্স ফার্গুসন সেটা আগেই স্বীকার করেছেন। ইউনাইটেডে উত্তরসূরি হিসেবে গার্দিওলা, মরিনহো, আনচেলত্তি বা ক্লপের কাউকেই চেয়েছিলেন, সেটাও জানিয়েছেন ফার্গি। এবার মরিনহোও জানালেন, ফার্গুসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছিলেন তিনি।
আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে যেমন রেষারেষি, ফার্গুসনের সঙ্গে মরিনহোর সম্পর্কটা ঠিক উল্টো। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, এখনো হয়তো আছে। মরিনহো জানাচ্ছেন, ফার্গি অবসর নেওয়ার কিছুদিন আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, ‘তিনি আমাকে গোপন কথাটি ফাঁস করেছিলেন। খুব বেশি লোক তখন এটা জানত না। সিদ্ধান্ত নেওয়ার এক কি দুই মাস আগে হবে।’
স্যার অ্যালেক্স ফার্গুসন: সিক্রেট অব সাকসেস নামে একটা তথ্যচিত্র বানাচ্ছে বিবিসি। সেটির জন্য কথা বলতে গিয়েই মরিনহো ফিরে গেছেন দুই বছর আগের ওই সময়ে, ‘সবাই জানে ম্যান ইউনাইটেড কত বড় একটা ক্লাব। কিন্তু আমি চেলসিতেই আসতে চেয়েছি। এটা নিয়ে খুব বেশি কথাও হয়নি আমাদের। কারণ, তিনি আমাকে খুব ভালোমতোই জানতেন। এক মৌসুম আগে থেকেই জানতেন, আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে আসতে চাচ্ছি।’ বিবিসি।