ফার্গিকে মরিনহোর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ দিন। যেটা আবার তাঁর জন্মদিনও। ৭৫-এ পা দেওয়া স্যার অ্যালেক্স ফার্গুসন তাঁর প্রিয় ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে। সাবেক কোচের সামনেই মিডলসবরোর বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন বছরের সামনে দাঁড়িয়ে এর চেয়ে ভালো আর কী উপহার পেতে পারতেন ফার্গুসন!
৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ইউনাইটেড। ঠিক সেই সময় ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল গোল করে সমতা ফেরান। ৮০ সেকেন্ড পর আবারও স্বাগতিক দলের গ্যালারিতে উচ্ছ্বাস এনে গোল করলেন মিডফিল্ডার পল পগবা। প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় পাওয়া ইউনাইটেড কোচ হোসে মরিনহোও দারুণ উচ্ছ্বসিত ফার্গিকে এমন উপহার দিতে পেরে, ‘আমি ম্যাচের আগেই তাঁকে শুভ জন্মদিন বলেছি। তবে আমার মনে হয় আমার শুভ কামনার চেয়েও ভালো ছিল যেভাবে সমর্থক ও খেলোয়াড়েরা তাঁর সময়ের ইউনাইটেডকে মনে করিয়ে দিয়েছে সেটা।’
রসিকতা করে বলেছেন, ‘তবে ফার্গির ইউনাইটেড হলে এই ম্যাচটা ৩-১ গোলে জিতত।’ ফার্গি টাইম-এর গোলটা যে পরশু করা হয়নি ইউনাইটেডের! রয়টার্স।