ফার্ডিনান্ডের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ দিন আগে প্রাণঘাতী ক্যানসারে মারা গেছেন তাঁর স্ত্রী। এই শোক রিও ফার্ডিনান্ডকে ক্যারিয়ার নিয়েই নতুন উপলব্ধি এনে দিল কি না কে বলবে! এক বিবৃতিতে সাবেক ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড এই ডিফেন্ডার আনুষ্ঠানিকভাবে ফুটবলকেই বিদায় বলে দিলেন গতকাল, ‘১৮ বছর পেশাদার ফুটবলার হিসেবে খেলার পর আমার মনে হয়েছে, এটাই বিদায় নেওয়ার সবচেয়ে আদর্শ সময়।’ ইংল্যান্ডের হয়ে ৮১টি ম্যাচ খেলেছেন একসময়ের বিশ্বের সবচেয়ে দামি এই ডিফেন্ডার। ২০০২ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ছয়বার প্রিমিয়ার লিগ, একবার চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। গত মৌসুমে ছিলেন প্রিমিয়ার লিগের দল কিউপিআরে। এএফপি।