ফার্ডিনান্ডের এক টুইটেই এত কিছু!

আগে বুঝতে পারলে হয়তো এমন টুইট করতেনই না রিও ফার্ডিনান্ড! তাঁর এক টুইটই যে প্রায় অনলাইন-যুদ্ধ লাগিয়ে দিল প্রতিবেশী কয়েকটি দেশের মানুষের মধ্যে।
ঘটনা কী? ঘটনা হলো, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার বেড়াতে গেছেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর গ্রাঁ প্রিঁ দেখবেন, সঙ্গে একটু ঘোরাঘুরিও হলো। তো সেখান থেকেই গত শনিবার টুইটারে একটা ছবি দিলেন। যেখানে দেখা যাচ্ছে, খাবার সামনে নিয়ে বসে আছেন ফার্ডিনান্ড। সঙ্গে লিখেছেন, ‘মধ্যাহ্নভোজে নাসি গোরেং। সিঙ্গাপুরে স্থানীয়দের খাবারই খাচ্ছি।’
এই টুইটটাই বাধিয়ে দিল গন্ডগোল। ‘নাসি গোরেং’ (যেটির ইংরেজি করলে মানে দাঁড়ায় ‘ফ্রাইড রাইস’) মূলত ইন্দোনেশিয়ান খাবার। কিন্তু ফার্ডিনান্ড সেটাকে সিঙ্গাপুরের লেখায় টুইটারে ইন্দোনেশিয়ানরা খেপে উঠলেন। তারা একের পর এক ফার্ডিনান্ডকে ট্যাগ করে টুইট করতে থাকলেন প্রতিবাদ জানিয়ে। একজন লিখলেন, ‘বন্ধু, এটা আসলে ইন্দোনেশিয়ান। সিঙ্গাপুরে “নাসি” নেই, “গোরেং”ও নেই।’ কেউ কেউ তো ফার্ডিনান্ডকে আমন্ত্রণও জানালেন ইন্দোনেশিয়ায় গিয়ে আসল ‘নাসি গোরেং’ খেয়ে আসার জন্য।
বসে থাকল না সিঙ্গাপুরিয়ান কিংবা এই দুই দেশের প্রতিবেশী মালয়েশিয়ার টুইটার ব্যবহারকারীরাও। তারাও পাল্টা জবাব দিলেন, এই খাবারটা আসলে শুধু ইন্দোনেশিয়ার নয়, এশিয়ার এই অঞ্চলে অনেক দেশেই পাওয়া যায়।
রাজনৈতিক কারণে প্রতিবেশী এই দেশগুলোর মধ্যে এমনিতেই শীতল সম্পর্ক। প্রতিবছর ইন্দোনেশিয়ার জঙ্গলে আগুন লেগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অনেক শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়াকে সেটি মনে করিয়ে দিয়ে সিঙ্গাপুরের একজন টুইট করেছেন, ‘ওহ, নাসি গোরেং নিজেদের বলে দাবি করা যায়, কিন্তু ধোঁয়াটা নিজের বলা যায় না!’
এই নিয়ে যখন টুইটারে প্রায় যুদ্ধ শুরু গেছে, সেটি থামাতেও এগিয়ে আসতে হলো ফার্ডিনান্ডকেই। দুদিন পর আজ সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক তাই আবার টুইট করলেন, ‘আমার নাসি গোরেং টুইট নিয়ে কী পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল? সবাই শান্ত হন। “স্থানীয়’ বলতে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়াকেই ধরি তাহলে।’ এতে পরিস্থিতি শান্ত হয় কি না, দেখা যাক! এএফপি।