ফার্ডিনান্ডের দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফেন্ডার হিসেবে ছিলেন বেশ ‘কিপটে’। নেমানিয়া ভিদিচকে নিয়ে এমনই ‘ব্যূহ’ তৈরি করে রাখতেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণে যে গোল করা ছিল কঠিন। সেই রিও ফার্ডিনান্ডেরই হৃদয়টা বেশ উদার। সেটির পরিচয়ও দিলেন এবার। আর কদিন পরই বড়দিনের উৎসব। সবাই-ই উৎসবে মেতে উঠবে সেদিন। কিন্তু সমাজের দরিদ্র অংশের মানুষ যে এমন উৎসবের দিনও দীর্ঘশ্বাস চেপে কাটিয়ে দেবে, সেদিকে কজনের খেয়াল থাকে! ফার্ডিনান্ডের আছে। অন্তত শিশুদের মুখে সেদিন হাসি ছাড়া কিছু দেখতে চান না ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার। তাই নিজের ইতালিয়ান রেস্টুরেন্ট রোসোর সঙ্গে মিলে একটি দাতব্য সংস্থাকে লিখে দিলেন ৫ লাখ পাউন্ডের চেক। এই অর্থে ম্যানচেস্টারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেনা হবে খেলনা ও অন্যান্য উপহার। ফক্সস্পোর্টস।