ফার্নান্দেজের তিন, পগবার চার—ইউনাইটেডের সামনে উড়ে গেল লিডস

পগবা ও ফার্নান্দেজ—মাঝমাঠের দুই তারকা সব আলো কেড়ে নিয়েছেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারামারি, হাতাহাতি, দৌড়াদৌড়ি—ম্যাচের আগের ‘শোডাউনে’ দুই দলের সমর্থকেরা কেউ কাউকে ছাড় দেননি। ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরোনো দ্বৈরথ, ঝাঁজের দিক থেকে অন্য কোনো দ্বৈরথ দুই ইউনাইটেড—লিডস-ম্যানচেস্টারের ধারেকাছে যেতে পারে না। ম্যাচে অবশ্য সমর্থকদের মান ধরে রাখতে পারেনি লিডস। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে এসে উড়ে গেছে মার্সেলো বিয়েলসার লিডস। লিডসকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করল ম্যানচেস্টার ইউনাইটেড।

গত মৌসুমে এই ফিকশ্চারেও এমন ভয়ংকর কিছু দেখেছিল লিডস। সেবার ইউনাইটেডের মাঠে ৬-২ গোলে হেরেছিল লিডস। সেদিন দুই গোল করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। আজ দুইয়ে আর মন ভরেনি তাঁর, একেবারে তিন গোল করেছেন। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই হ্যাটট্রিক হয়ে গেছে পর্তুগিজ মিডফিল্ডারের। আলোর পুরোটা তবু কাড়া হয়নি তাঁর।

ব্রুনোকে অভিনন্দন জানাচ্ছেন ফ্রেড। পরে নিজেও করেছেন গোল
ছবি: রয়টার্স

তিনবার গোল উদ্‌যাপন করেছেন ফার্নান্দেজ। একটি করে গোল ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের। কিন্তু এঁদের কথা বলার সময় পল পগবার নামটাও বলতে হচ্ছে। ভরা গ্যালারি পেয়ে ম্যাচের শুরু থেকে দাপট ছিল ইউনাইটেডের। বিয়েলসার সূক্ষ্ম কৌশল আজ আর কোনো পাত্তা পাচ্ছিল না। ইউনাইটেড যেখানে একটু পরপরই ভয় দেখাচ্ছিল, লিডস সেখানে কালেভদ্রে দু-একটি প্রতি-আক্রমণ করছিল। সেগুলোও ডি-বক্স পর্যন্ত পৌঁছাচ্ছিল না।

ইউনাইটেড তবু ম্যাচের প্রথম আধঘণ্টা গোল বের করতে পারেনি। সে গোলে লিডস গোলকিপার ইলান মেলিয়েরের অবদান আছে। তাঁর শট ইউনাইটেডের এক খেলোয়াড় পেয়ে যান। সেখান থেকে বল যায় পগবার কাছে। তখন পর্যন্ত নিরীহ এক মুহূর্ত মনে হচ্ছিল। কিন্তু পগবার পাসে আচমকা লিডসের রক্ষণ খালি হয়ে যায়। বলটা দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ফার্নান্দেজ। শটটা অত ভালো নেননি, কিন্তু জোরে মারায় সেটা মেলিয়েরের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

আয়লিংয়ের প্রথম গোলের আনন্দ স্থায়ী হয়নি
ছবি: রয়টার্স

৫২ মিনিটে আরেকটা পগবা-জাদু। আক্রমণে উঠেছিল লিডস। সেটা ঠেকিয়ে লুক শ বল দেন পগবাকে। নিজেদের অর্ধ থেকে পগবার পাস পেয়ে খুঁজে নেয় বাঁ প্রান্তে থাকা গ্রিনউডকে। গায়ের সঙ্গে সেঁটে থাকা লিডস ডিফেন্ডারকে কোনো পাত্তাই দিলেন না গ্রিনউড। অনেকটুকু দৌড়ে তাঁকে নিয়েই বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে পাঠালেন। আরও একবার এগিয়ে গেল ইউনাইটেড। কারণ, মিনিট চার আগেই ম্যাচে ফিরেছিল লিডস। বক্সের বাইরে থেকে গোলার মতো শটে দাভিদ দে হেয়াকে পরাস্ত করেছিলেন লুক আয়লিং। তখন মনে হয়েছিল, প্রিমিয়ার লিগে আয়লিংয়ের প্রথম গোলটাই আজ আলোচনার জন্ম দেবে।

গ্রিনউডের উল্লাস
ছবি: রয়টার্স

কিন্তু ৮ মিনিটের মধ্যেই সে কথা ভুলে যাওয়ার দশা। ৫২ মিনিটে গ্রিনউডের গোল উদ্‌যাপন শেষ হওয়ার আগেই আবার গোল। আবারও পগবা! এবার পগবার পাসের চেয়ে ফার্নান্দেজের গোলটি বেশি সুন্দর ছিল। বক্সের ডান দিকে ছিলেন ফার্নান্দেজ। তাঁর সঙ্গে প্রতিপক্ষ গোলকিপার ও এক ডিফেন্ডারও ছিলেন। বল ডান পা থেকে বাঁ পায়ে নিলেন, তাতেই প্রতিপক্ষের দুই খেলোয়াড় কাবু। তাঁর বাঁ পায়ের শট ফিরিয়ে দিয়েছিলেন আয়লিং। কিন্তু রেফারি জানিয়ে দেন, বল তার আগেই লাইন ক্রস করেছে। ১ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে দুই গোল দিয়ে দিল ইউনাইটেড (৩-১)।

পগবা আজ দারুণ খেলেছেন
ছবি: রয়টার্স

৬০ মিনিটে কার্যত ম্যাচ শেষ হয়ে গেল। এবার লিন্ডেলফের পাস থেকে নিখাদ এক স্ট্রাইকারের মতো বল নিয়ন্ত্রণে নিলেন ফার্নান্দেজ, তাঁর শট ঠেকানোর সুযোগ পাননি মেলিয়ের (৪-১)।

৮ মিনিট পর এই ম্যাচের জন্য বরাদ্দ দ্বৈরথ শব্দটাকে হাস্যকর বানিয়ে দিয়েছেন পগবা। বাঁ প্রান্ত দিয়ে উঠে বক্সের একটু বাইরে থেকে নিচু পাস দিলেন। বক্সে ঢুকে পড়া ফ্রেড বলটা শুধু জায়গামতো পাঠানোর কাজ করেছেন। ৬৮ মিনিটেই ৫-১ ব্যবধানে এগিয়ে গেল ম্যানচেস্টার। ৭৫ মিনিটে পগবাকে তাই তুলে নিলেন উলে গুনার সুলশার। একই সঙ্গে মাঠে নেমেছেন অ্যান্থনি মার্শিয়াল ও এবারই দলে ঢোকা জেডন সাঞ্চো। তাঁদের অবশ্য আজ আর কিছু করতে হয়নি!