ফাহিমের পেনাল্টি মিসে ড্র করল সাইফ স্পোর্টিং

>
- অনূর্ধ্ব–১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ
- ব্রাদার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সাইফ
- সাইফের হয়ে পেনাল্টি মিস করেছেন ফাহিম
- ফাহিম দৃষ্টিকটুভাবে বল হারিয়েছেন বেশ কয়েকবার
এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বে কাতারের বিপক্ষে কী অসাধারণ গোলটাই না করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে ইনসাইড ডজে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে দূরের পোস্টে গোল। এর আগে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৭ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতাও হয়েছিলেন ফাহিম। তাঁর নাম উঠলে, এই তো পরিচয়।
আন্তর্জাতিক কিশোর ফুটবলে যাঁর দুর্দান্ত প্রতাপ, ঘরোয়া আসরগুলো তাঁর জন্য তেমন কঠিন না হওয়ারই কথা। কিন্তু কিসের কী, ছয় মাসের ব্যবধানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ফাহিমই হতাশার প্রতিচ্ছবি। অনূর্ধ্ব–১৮ ফুটবলে আজ তাঁর পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ফাহিম পেনাল্টি থেকে গোল করতে না পারায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাইফ স্পোর্টিং। অথচ প্রথমে ফাহিমের গোলেই এগিয়ে গিয়েছিল সাইফ। পরে তাঁর পেনাল্টি মিস ও শেষে গোল হজম করে ড্র মেনে নিতে হয়।
সবাই ধরেই নিয়েছে, সাইফ টুর্নামেন্টের শিরোপার দাবিদার। প্রায় আট মাস বিকেএসপির ছাত্রদের নিয়ে স্প্যানিশ কোচের অধীনে অনুশীলন। বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলা। দারুণ প্রস্তুতিতে কিশোরেরা খেলেছেনও অসাধারণ। একসঙ্গে দ্রুতগতিতে ওপরে ওঠা, দুই উইং ব্যাকের মুহুর্মুহু ওভারল্যাপিং। ১২ মিনিটে ফাহিমের গোলে এগিয়ে যাওয়া থেকে শুরু করে বলের দখল সব সময় সাইফের খেলোয়াড়দের পায়েই ছিল। কিন্তু ব্রাদার্সের ছয়জনের রক্ষণভাগ থাকায় গোলমুখে গিয়ে বারবার থামতে হয়েছে তাদের। সঙ্গে যোগ হয়েছে ফাহিমের দৃষ্টিকটু বল হারানো ও বেশ কিছু গোল মিস।
গোলের পর ফাহিমের পায়ে বল যাওয়া মানেই আক্রমণের সমাপ্তি। অতিরিক্ত পায়ের কাজ দেখাতে গিয়ে কতগুলো ভালো আক্রমণের সমাপ্তি হয়েছে, তার হিসাব নেই। পরে তো মিস করলেন পেনাল্টিও। আর যার খেসারত দিতে হলো ড্র নিয়ে মাঠ ছেড়ে। ৭৮ মিনিটে ব্রাদার্সের হয়ে গোল করেছেন আলমান রহমান।
ম্যাচ শেষে তাই সাইফের কোচ আনোয়ার হোসেনের মুখেও ফাহিমকে নিয়ে কিছুটা হতাশা, ‘আমাদের টিম যেভাবে খেলেছে, পাঁচ গোলে জেতা উচিত ছিল। সেখানে ফাহিম পেনাল্টি মিস করায় করতে হলো ড্র।’