ফিকরু নয়, লিওনেলের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে প্রথম খেলতে নেমেই জোড়া গোল, হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেন্ট প্রিউক্স (বাঁয়ে) নিজেকে চেনাতে সময় নিলেন না। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারানোর পর সতীর্থদের সঙ্গে লিওনেলের উদ্‌যাপন l প্রথম আলো
চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে প্রথম খেলতে নেমেই জোড়া গোল, হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেন্ট প্রিউক্স (বাঁয়ে) নিজেকে চেনাতে সময় নিলেন না। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারানোর পর সতীর্থদের সঙ্গে লিওনেলের উদ্‌যাপন l প্রথম আলো

শেখ জামালের জার্সি গায়ে গত মৌসুমে গোটা দুয়েক ম্যাচ খেলেছেন। এবার তাঁকে দলে নিয়ে চট্টগ্রাম আবাহনী যে ভুল করেনি প্রথম দিনেই সেটি অন্তত বোঝালেন লিওনেল সেন্ট প্রিউক্স। হাইতির এই ফরোয়ার্ডের জোড়া গোলে কাল ব্রাদার্সকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে চট্টগ্রাম আবাহনী।
চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক কোচ পনিরুজ্জামান পনিরকে ম্যাচের পর বেশ উচ্ছ্বসিত দেখাল। আস্তে আস্তে দলটি ভালো খেলবে এবং সেই লক্ষণ ধরা পড়েছে তাঁর চোখে। এটা ঠিক, চট্টগ্রামের দলটি গুছিয়ে উঠছে মাঠের খেলায়। ব্রাদার্সকে সে অর্থে মাথাই তুলতে দেয়নি। ডিফেন্ডাররা সতর্ক থাকায় ব্রাদার্স সুবিধা করতে পারেনি আক্রমণে। চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে লিওনেলকে রুখতে পারেনি ব্রাদার্স রক্ষণ। প্রশংসা করতে হবে তকলিচ আহমেদেরও। শেখ জামাল ছেড়ে চট্টগ্রাম আবাহনীতে এসেছেন খেলার সুযোগ পেতে, সেই সুযোগ কালও কাজে লাগালেন। দুটি গোলেই অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। তকলিচের ক্রসে লক্ষ্যভেদে ভুল করেননি সনি নর্দের দেশের ফুটবলার লিওনেল। ৩০ ও ৫৮ মিনিটে তাঁর ২ গোলেই জয় নিশ্চিত করে ফেলে চট্টগ্রাম আবাহনী। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়েছেন জাহিদ। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকল। চট্টগ্রাম আবাহনীর জন্য সুসংবাদ, মামুনুলসহ পাঁচ খেলোয়াড়কে সম্ভবত শিগগিরই তারা পেতে পারে। আদালতের নিষেধাজ্ঞায় তাঁরা এখনো মাঠে নামতে পারেননি নতুন মৌসুমে। এই ফুটবলারদের ভাগ্য নির্ধারণ যেহেতু বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি করবে, তাই তাঁদের চট্টগ্রাম আবাহনীতে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাই উজ্জ্বল।

ওদিকে কাল সবার আগে শেষ চার নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এবার শক্তিশালী দল গড়ে ক্লাবটির চোখ মৌসুমের সব কটি ট্রফির দিকে। সে লক্ষ্যে প্রথম টুর্নামেন্ট স্বাধীনতার কাপের সেমিফাইনালে ওঠার কাজটা আপাতত সম্পন্ন। তবে প্রথম তিন ম্যাচে গোল পেলেও এদিন ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মারুফুল হকের দল। এতে অবশ্য ক্ষতি কিছু হয়নি। চার ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১০। তবে লক্ষণীয় হলো, আগের তিন ম্যাচে ৫ গোল করেছিলেন তাদের ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু। দলও পায় সহজ জয়। কাল ফিকরু গোল পাননি, শেখ রাসেলও খুলতে পারেনি প্রতিপক্ষের গোলমুখ। দলটির খেলায় যেটা দেখা যায়, ফিকরু বলের জন্য ওপরে অপেক্ষায় থাকেন। কিন্তু সতীর্থরা সেভাবে বল জোগান দিতে পারেন না তাঁকে। যে কটি বলই পান ফিকরু, গোল করতে ভুল করেন কমই। কিন্তু এ ম্যাচে আর তাঁর গোল দেখল না বঙ্গবন্ধু স্টেডিয়াম।