ফিগোকে বাদ দিল বার্সা
আবিদাল, ফন বোমেল, এডমিলসন, জিউলিরা আছেন। থাকতে পারতেন লুইস ফিগোও। উয়েফা অন্তত বার্সেলোনা কিংবদন্তি হিসেবে সাবেক পর্তুগিজ মিডফিল্ডারকে রাখতে চেয়েছিল। আগামীকাল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে জুভেন্টাস ও বার্সার সাবেকদের একাদশের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের একটা প্রীতি ম্যাচ হওয়ার কথা। উয়েফা ফিগোর নাম রেখেছিল বার্সায়। কিন্তু বার্সা নিজেরাই ফিগোকে দলে না রাখার জন্য আবেদন রেখেছে ফিফার কাছে।
বার্সেলোনায় পাঁচ বছর ছিলেন, এই সময়ে উয়েফা কাপ জিতেছেন, দুবার লা লিগাও জিতেছেন। নিজের সময়ে সেরাদের একজন ছিলেন। একাদশের তুলনায় ফিগো তো অর্জনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। কিন্তু বার্সার এই মিডফিল্ডারকে নিয়ে এই গাত্রদাহ কেন? ন্যু ক্যাম্পে নায়কের সম্মান পেলেও ফিগো যে সেটির অপমান করেছিলেন! ২০০০ সালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সে সময়ের রেকর্ড দামে কিনে নেয় ফিগোকে। এভাবে ক্লাব বদলকে ভালোভাবে নিতে পারেনি বার্সা সমর্থকেরা, ফিগো এরপর ন্যু ক্যাম্পে এলে ‘লোভী’, ‘বিশ্বাসঘাতক’ বলে ঘৃণা প্রকাশ করেছে। এমনকি গ্যালারি থেকে তাঁর দিকে ছুড়ে মারা হয়েছে শূকরের মাথাও।
বার্সেলোনা ফিগোকে না রেখে সমর্থকদের অনুভূতির প্রতি তাই শ্রদ্ধাই জানিয়েছে। এএফপি।