ফিগোর প্রচারণা
আগামী মাসে ফিফা সভাপতি পদে নির্বাচনে সেপ ব্ল্যাটারের বড় প্রতিদ্বন্দ্বীই ভাবা হচ্ছে লুইস ফিগোকে। কিন্তু প্রবল প্রতাপশালী ব্ল্যাটারকে হারানো যে মোটেও সহজ হবে না, সেটা জানেন সাবেক পর্তুগিজ তারকা। সে কারণেই এবার ব্ল্যাটারের ভোট ভান্ডারে হানা দিয়েছেন ফিগো। চাইছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ভোটগুলো নিজের পক্ষে টানতে। এমনিতে এএফসিকে ব্ল্যাটারের বড় ভোট ভান্ডার মনে করা হলেও ফিগো নিয়েছেন অন্য কৌশল। তাঁকে ভোট দিলে ভবিষ্যতে এশিয়া থেকে আরও বেশি দল বিশ্বকাপে খেলতে পারবে—এই প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। বাহরাইনের মানামায় কাল থেকে শুরু এএফসি কংগ্রেসেও এই প্রতিশ্রুতি দিয়েই ভোট চাইবেন তিনি। বিশ্বকাপে দল বেশি হলে ফুটবলেরই লাভ বলে মনে করেন ফিগো, ‘এতে শুধু খেলাটাই আরও বেশি ছড়াবে না, ফিফার আয়ও বাড়বে, যা ফুটবলের উন্নয়নে কাজে লাগবে।’ শুধু তাই নয়, ফিফার সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি অ-ইউরোপীয়দের যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ফিগোর আশা, এতে ফুটবল আরও বেশি বৈশ্বিক হয়ে উঠবে। রয়টার্স।