গোল করার লোক কই!

বাংলাদেশের ফুটবলের সেই পুরোনো গল্পটাই যেন নতুন করে বলল অলিম্পিক দল। পুরো খেলায় আক্রমণের পর আক্রমণ, তৈরি হলো বেশ কয়েকটা সুযোগও, কিন্তু শেষ পর্যন্ত জয়টা অধরাই।
ভালো ফুটবল খেলে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গেল দল, কিন্তু সেই এগিয়ে থাকার সুবিধাটা ধরে রাখা গেল না। রক্ষণের এক অমার্জনীয় ভুলে সুযোগ করে দেওয়া হলো প্রতিপক্ষকে ম্যাচে ফেরার।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে এ ধরনের দৃশ্যপটই যেন নতুন করে দেখলেন দর্শকেরা। এই দেশের ফুটবলাররা ভালো খেলে, গোলের সুযোগ তৈরি করে, কিন্তু গোল করতে পারে না। গোল করতে পারার ফুটবলারেরই যেন বড্ড অভাব এ দেশে। গোল করতে পারলেও সেটি এগিয়ে থাকা ধরে রাখতে পারে না। কষ্টে মেলা বিরল গোলগুলোও বিফলে যায়।
আজকের ম্যাচে অলিম্পিক দলের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। পুরো খেলায় তারা কোচ গঞ্জালো মরেনোর কথামতো প্রেসিং করে গেছে নিরন্তর। কিন্তু প্রতিপক্ষের সীমানায় গিয়েই কেন যেন নিজেদের হারিয়ে ফেলেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। রুবেল মিয়া দুর্দান্ত খেলেছেন, চোখে পড়ার মতো পারফরম্যান্স ছিল ইউসুফ সিফাতের। কিন্তু সুযোগ নষ্টের মহড়া শেষ পর্যন্ত হতাশই করেছে যশোরের দর্শকদের।
ম্যাচের ১৯ মিনিটে ইউসুফ সিফাতের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল মূলত অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ অলিম্পিক দল। ডান প্রান্ত থেকে রুবেলের দারুণ এক ক্রসে সিফাত দ্বিতীয় চেষ্টায় বল জালে ঢোকান। বাহরাইনের গোলরক্ষক মাহবুব আল দোসেরি জায়গা ছেড়ে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত সিফাত বলটা জালে পাঠিয়ে দেন। এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে না পারাটা বাংলাদেশের ফুটবলারদের পুরোনো অভ্যাস। সেই অভ্যাস পেয়ে বসেছিল অলিম্পিক দলকেও। এগিয়ে যাওয়ার ঠিক চার মিনিট পরই বক্সের মধ্যে ডিফেন্ডার রেজার ভুল পাস থেকে ম্যাচে ফিরে আসে বাহরাইন।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। একাধিকবার আক্রমণে উঠেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। বাহরাইনের এই দলের বেশির ভাগ ফুটবলারদের বয়স বিশের কম। কিন্তু এই দলের খেলোয়াড়দের সঙ্গেও শারীরিক শক্তিতে বারবার পিছিয়ে পড়েছে অলিম্পিক দলের খেলোয়াড়েরা। অনেকের মধ্যেই ছিল একা একা গোল করার চেষ্টা। যে কারণে গোলের সুযোগ নষ্ট করেছে অনেক।
শেষ মিনিটে অবশ্য বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিকে গোলের চেষ্টা করেন সিফাত। কিন্তু বল চলে যায় বাইরে। এটাই যেন ছিল এই ম্যাচে বাংলাদেশের তরুণদের সুযোগ নষ্টের মহড়ার প্রতীকী ছবি!
বাংলাদেশ অলিম্পিক দলের পরের ম্যাচটি ১৩ জানুয়ারি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ।