ফিফা কেলেঙ্কারির সময়পঞ্জি
২০১০
২ ডিসেম্বর: ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বপ্রাপ্তি রাশিয়া ও কাতারের। নির্বাচনের ঠিক আগে ভোট বিক্রির অপচেষ্টার দায়ে ফিফা নির্বাহী কমিটির ছয় সদস্য বহিষ্কার।
২০১১
২৩ জুন: অসদাচরণের দায়ে আজীবন নিষিদ্ধ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ও ফিফার সাবেক সহসভাপতি কাতারের মোহাম্মদ বিন হাম্মাম।
২০১৩
৩০ এপ্রিল: ফিফার সাবেক সভাপতি হোয়াও হাভেলাঞ্জ এবং নির্বাহী কমিটির সদস্য রিকার্ডো টিসেরা ও নিকোলাস লিওজের বিরুদ্ধে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ।
৬ মে: ফিফার নৈতিকতা কমিটি কনক্যাকাফের সাবেক মহাসচিব চাক ব্লেজারকে বহিষ্কার করে।
২০১৫
২৭ মে: জুরিখের এক হোটেলে সুইস পুলিশের অভিযান। দুই সহসভাপতিসহ ফিফার সাত কর্মকর্তা আটক। যুক্তরাষ্ট্র ঘুষ নেওয়ার অভিযোগ তোলার পর অভিযান চালায় সুইজারল্যান্ডের পুলিশ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে ভোট কেনাবেচার অভিযোগও ছিল।
২৯ মে: জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনকে হারিয়ে পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত ব্ল্যাটার।
২ জুন: দুর্নীতি নিয়ে চাপে পিষ্ট ব্ল্যাটারের আগাম সভাপতি নির্বাচন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা।
১৭ সেপ্টেম্বর: কালোবাজারে বিশ্বকাপ টিকিট বিক্রির অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকেকে বাধ্যতামূলক ছুটি।
২৫ সেপ্টেম্বর: আর্থিক অনিয়ম ও বিধি ভঙ্গ করে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে টাকাপয়সা দেওয়ার অভিযোগে ব্ল্যাটারের বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি তদন্ত শুরু। প্লাতিনির দাবি, অর্থ বৈধভাবেই নেওয়া।
৮ অক্টোবর: ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটার, প্লাতিনি ও ভালকেকে ৯০ দিনের জন্য বহিষ্কার করল। সভাপতি পদের আরেক প্রার্থী দক্ষিণ কোরিয়ার চুং মং-জুং নিষিদ্ধ ছয় বছরের জন্য।
১৮ নভেম্বর: ৯০ দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্ল্যাটার ও প্লাতিনির করা আপিল ফিফার আপিল কমিটিতে খারিজ।
১১ ডিসেম্বর: সর্বোচ্চ ক্রীড়া আদালতে প্লাতিনির ৯০ দিনের নিষেধাজ্ঞা বহাল।
২১ ডিসেম্বর: ফিফা থেকে আট বছরের জন্য নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিনি।