ফিফা থেকে পদত্যাগ ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতির পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন ব্ল্যাটার। ছবি: এএফপি
ফিফা সভাপতির পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন ব্ল্যাটার। ছবি: এএফপি

ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন সেপ ব্ল্যাটার। গত শুক্রবার পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ১৭ বছর পর ফিফায় ব্ল্যাটার-রাজের অবসান হলো। আজ এক সংবাদ সম্মেলনে সরে যাওয়ার ঘোষণা দেন এই ৭৯ বছর বয়সী।
২০১৮ বিশ্বকাপ ইউরোপ বয়কট করতে পারে, রাশিয়ায় অনুষ্ঠেয় সেই বিশ্বকাপের বদলে ইউরোপের দেশগুলো নিজেরাই আলাদা একটি বিকল্প বিশ্বকাপের আয়োজন করতে পারে—এমন খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী এখন বিশেষ একটি কংগ্রেস ডাকতে হবে। সেই কংগ্রেসের মাধ্যমে নির্বাচিত হবে নতুন সভাপতি।
সংবাদ সম্মেলনে ব্ল্যাটার বলেছেন, নির্বাচিত হলেও একটা অংশের সমর্থন তিনি পাননি। ফুটবলের বৃহত্তর স্বার্থেই তাই সরে দাঁড়াচ্ছেন, ‘ফিফার স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সংগঠন হিসেবে ফিফা এবং বিশ্বজুড়ে ফুটবলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
১৯৭৫ সালে হোয়াও হ্যাভেলাঞ্জ যখন ফিফার দায়িত্ব নেন, সে সময় ফিফার চাকুরে হিসেবে যোগ দিয়েছিলেন ব্ল্যাটার। ২৪ বছর ফিফা প্রধানের দায়িত্ব পালন করেছেন হ্যাভেলাঞ্জ, জুলে রিমের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। হ্যাভেলাঞ্জের উত্তরসূরি হিসেবে ১৯৯৮ সালে ফিফা প্রধান হন ব্ল্যাটার। চার দশক ধরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থায় কাজ করার পর অবশেষে সরে দাঁড়ালেন এই সুইস। ব্ল্যাটার বলেছেন, ‘ফিফা প্রধান আর আমার জীবনের ৪০টা বছর ফিফায় কাটানো সময়টা নিয়ে আমি গভীরভাবে ভেবেছি। ফিফাকে আমি যেকোনো কিছুর চাইতে বেশি ভালোবাসি। আমি এর ভালোই চাই। ফুটবলের ভালোর জন্যই আমি আরেক মেয়াদে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কিন্তু সবাই আমাকে সমর্থন দেয়নি।’
সবাই বলতে তিনি ইউরোপের দিকেই যে ইঙ্গিত করেছেন, এটা নিশ্চিত। গত সপ্তাহে ফিফা নির্বাচনের ঠিক দুদিন আগে সংস্থাটির সাত কর্মকর্তাকে জুরিখের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ছিলেন ফিফার দুজন সহ-সভাপতিও। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে সুইস পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। সাড়ে তিন বছরেও বেশি সময় ধরে এফবিআইয়ের তদন্তে উঠে আসে ফিফার দুর্নীতির নানা চিত্র। মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে, ফিফার শীর্ষ কর্মকর্তারা কমপক্ষে ১৫ কোটি ডলারের ঘুষ লেনদেন করেছেন গত দুই দশকের বেশি সময়ে।
সবজি বিক্রেতা থেকে ফিফা প্রধান!স্পনসর, সম্প্রচার স্বত্ব এবং বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেওয়ার বিনিময়ে এই ঘুষের লেনদেন হয়। ফিফার ২২ সদস্যের একটি নির্বাহী কমিটি আছে। এই কমিটির সদস্যদের হাতে অসীম ক্ষমতা। এঁরাই নির্ধারণ করেন কোন দেশ বিশ্বকাপ আয়োজন করবে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে ১ কোটি ডলার ঘুষ দিয়েছিল বলেও খবর বেরোয়। তদন্ত চলছে কাতার ও রাশিয়া বিশ্বকাপ বরাদ্দ নিয়েও।
এত টালমাটালের মধ্যেও আরেক দফা ফিফা সভাপতি নির্বাচিত হন ব্ল্যাটার। মূলত তাঁর ‘ভোট ব্যাংক’ বলে পরিচিত উন্নয়নশীল দেশের ভোটেই এবারও নির্বাচনী বৈতরণি পেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ফুটবলের সবচেয়ে শক্তিশালী মহাদেশ ইউরোপ ​ব্ল্যাটারের বিপক্ষে অবস্থান নেয়। আজ ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট খবর প্রকাশ করে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বয়কট করতে চলেছে উয়েফা। এর বদলে ইউরোপ নিজেরাই বিকল্প বিশ্বকাপ আয়োজন করতে পারে। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তাব দিতে পারে দক্ষিণ আমেরিকার ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলোকেও। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আকস্মিকভাবে ব্ল্যাটারের পদত্যাগ।
বিদায়ী সংবাদ সম্মেলনে ব্ল্যাটার নিজেও বলেছেন, ফিফায় আমূল সংস্কার দরকার। এবং তা করতে হবে সবাই মিলে। ব্ল্যাটার ইঙ্গিত দিয়েছেন, ফিফার দুর্নীতির মূলে আছে নির্বাহী কমিটির বিপুল ক্ষমতা। ব্ল্যাটার বলেছেন, এই কমিটির ক্ষমতা ও আকার কমিয়ে আনতে হবে। শুধু ফিফা সভাপতি নয়, নির্বাহী কমিটির সদস্যদেরও নির্বাচনের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে ফিফায় স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব।
২০১৬ সালের ১৩ মে মেক্সিকোতে পরবর্তী ফিফা কংগ্রেস হওয়ার কথা। কিন্তু ব্ল্যাটার চান, এর আগেই যত দ্রুত সম্ভব একটি জরুরি কংগ্রেস ডাকতে। ​আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যেকোনো এক সময় সেই কংগ্রেসটি আয়োজন করা হবে। সেই কংগ্রেসেই নির্বাচিত হবে নতুন ফিফা সভাপতি। সূত্র: গার্ডিয়ান, বিবিসি, এএফপি, রয়টার্স।