ফিফা নির্বাচনের দিন নির্ধারণ ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কোনো এক সময় হবে ফিফা সভাপতি নির্বাচন। আর এই নির্বাচনই বলবে কে হচ্ছেন সেপ ব্ল্যাটারের উত্তরসূরি। পরশু ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০ জুলাই জুরিখে ফিফার নির্বাহী কমিটির বিশেষ সভায় পরবর্তী সভাপতি নির্বাচনের সঠিক তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচনী কংগ্রেসটা জুরিখে হবে ২০১৫-এর ডিসেম্বর থেকে ২০১৬-এর ফেব্রুয়ারির মধ্যে।’ এই কংগ্রেসে ফিফার গঠনতান্ত্রিক পরিবর্তনসহ সংস্কারমূলক সুপারিশও গৃহীত হবে বলে জানিয়েছে ফিফা।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে গত ২৭ মে সাতজন পদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ায় টালমাটাল হয়ে পড়ে ফিফা। এরই মধ্যে দুদিন পর হওয়া নির্বাচনে টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হন ব্ল্যাটার। কিন্তু নির্বাচিত হওয়ার চার দিন পর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। রয়টার্স।