ফিফা পুরস্কার অনুষ্ঠানে যাচ্ছেন না মেসিরা

ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের জন্য তিনজন মনোনীতের একজন লিওনেল মেসি। লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমারদের মধ্যে কয়েকজন আছেন ফিফা বর্ষসেরা দলে। কিন্তু বার্সেলোনার কোচ-খেলোয়াড়দের কেউ যাচ্ছেন না ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে। আগামী পরশু কোপা ডেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ আছে বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভ্রমণের ধকলটা এড়ানোর জন্য জুরিখে যাচ্ছেন না তাঁরা।
এটা মেনে নিয়েছে ফিফা। কিন্তু বার্সেলোনা আরও আগে জানায়নি বলে একটু বিরক্ত হয়েছে। বার্সা কর্তৃপক্ষ সিদ্ধান্তটি নিয়েছে আজই। মেসি-সুয়ারেজরা না গেলেও জুরিখে থাকবে বার্সার প্রতিনিধি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে যাবেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আর টেকিনিক্যাল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ। কোপা ডেল রের প্রথম পর্বের ম্যাচটি বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছিল বার্সা। সূত্র: মার্কা।