ফিফা বর্ষসেরায় ভোট দিতে পারেন আপনিও

হাতে সময় আছে? তাহলে সোজা ফিফা ডট কমে চলে যান। আপনার পছন্দের ফুটবলারকে বর্ষসেরা করতে হবে না?
২০১০ সাল থেকে ফিফা ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার দেওয়া হতো বর্ষসেরা ফুটবলারকে। এবার আবার দুটি পুরস্কারের মধ্যে হয়ে গেছে ‘বিচ্ছেদ’। ফ্রেঞ্চ ফুটবল দিচ্ছে ব্যালন ডি’অর, ফিফাও ‘দ্য বেস্ট ফিফা ফুটবল প্লেয়ার’ পুরস্কার দিচ্ছে আলাদা করে। গতকাল সেটির জন্য মনোনীত ২৩ জনের তালিকাও প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা ঘোষণা হবে ৯ জানুয়ারি জুরিখে।
তো এখন তো ভোটাভুটির পালা। যেখানে অংশ নেওয়ার সুযোগ থাকছে আপনারও।
এবার ভোটাভুটির নিয়মটা এমন, একজন খেলোয়াড়ের পয়েন্ট নির্ধারিত হবে চারটি গ্রুপের ভোটের ভিত্তিতে। সবার ভোটের ভার (weight) সমান—২৫ শতাংশ। চারটি গ্রুপ কারা? ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ, ফিফা নির্ধারিত ২০০টি মিডিয়া, আর সমর্থকেরা। অর্থাৎ, আপনার ভোটও গড়ে দিতে পারে ব্যবধান। গতকাল ৪ নভেম্বর থেকেই ভোট শুরু হয়ে গেছে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
আপনার ভোটের ক্ষমতাও একজন কোচ বা অধিনায়কের ভোটের মতো, ২৫ শতাংশ। কোচ-অধিনায়কের মতোই, আপনিও পছন্দের খেলোয়াড়, পছন্দের কোচ—সব ক্যাটাগরিতে দিতে পারবেন তিনটি করে ভোট। প্রথম পছন্দের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দে ৩, আর তৃতীয়তে ১ পয়েন্ট।
তা ভোট দিতে হলে কী করতে হবে? ফিফার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকে নিবন্ধিত থাকলে তো হলোই, না থাকলে ওয়েবসাইটে (http://www.fifa.com/) গিয়ে নিবন্ধন করতে হবে। সেটি ফেসবুক, টুইটার বা গুগল প্লাস অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। অথবা ওয়েবসাইটের ওপরের দিকে সবচেয়ে ডান কোণের বাটনটিতে ক্লিক করে নিবন্ধন করে নিতে পারবেন।
এরপর ওয়েবসাইটে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল প্লেয়ার’—ট্যাবে গিয়ে পছন্দের খেলোয়াড়ের নামের পাশে লেখা ‘১’, ‘২’ বা ‘৩’ বাটনে ক্লিক করলেই হবে। যাকে ১-এ রাখবেন, তিনি পাবেন পাঁচ পয়েন্ট। এভাবে তিনজন খেলোয়াড় নির্বাচন করার পর ‘সাবমিট অ্যান্ড লগইন’ বাটনে ক্লিক করতে হবে।
কোচ, ফেয়ার প্লে, পুসকাস অ্যাওয়ার্ড—সবগুলোর জন্যই নিয়ম একই।