ফিফা র্যাঙ্কিংয়ে টেস্ট খেলুড়ে দলগুলোর এ কী দশা!

ক্রিকেট ভালো খেললেই যে ফুটবলেও কোনো দেশ ভালো হবে এমন কোনো কথা নেই। তার ওপর ফিফা সদস্য দেশ যেখানে ২০৯ টি, সেখানে আইসিসির টেস্ট খেলুড়ে দেশ মাত্র ১০ টি। তুলনাটা তাই অস্বাভাবিক মনে হতেই পারে। তবে সেই তুলনা থেকে উঠে আসা তথ্যগুলো চমকপ্রদ লাগতে পারে অনেকের কাছে। ক্রিকেটের অভিজাত ক্লাবের সদস্য যে দেশগুলো, তাদের বেশির ভাগেরই ফুটবলে ভীষণ দৈন্য-দশা! মাত্র দুটি টেস্ট খেলুড়ে দেশ আছে ফিফা র্যাঙ্কিংয়ের ৫০-এর মধ্যে, এক শর মধ্যে তিনটি!
ব্যতিক্রম একমাত্র ইংল্যান্ড। সেটা অবশ্য খুবই স্বাভাবিক। ফুটবল ও ক্রিকেট দুটি খেলার জন্মই যে ইংল্যান্ডে! যদিও ক্রিকেট তারা খেলতে শিখেছে ফুটবলের অনেক পরে। ১৯৬৬ সালের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা মাঝে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটেরও এক নম্বর দল ছিল। তবে এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে অ্যালিস্টার কুকের দল আছে ৬ নম্বরে। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান ৯-এ। বৈশ্বিক মানদণ্ডে বেশ ভালোই বলতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ শুধু ক্রিকেটই খেলে ওয়েস্ট ইন্ডিজ নামে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো ফুটবল খেলে আলাদা আলাদা দেশ হিসেবেই। তাদের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে ত্রিনিদাদ ও টোবাগো (৫০)। বলা বাহুল্য, ইংল্যান্ডের পরে এটাই ফিফা র্যাঙ্কিংয়ে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দ্বিতীয় সেরা অবস্থান (ত্রিনিদাদ ও টোবাগোকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি ধরে নিয়ে!)।
টেস্ট র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা। তবে তিনবার ফুটবল বিশ্বকাপ খেলা দেশটির ফিফা র্যাঙ্কিং খুব একটা সুবিধার নয়, তারা আছে ৭৪ নম্বরে! দক্ষিণ আফ্রিকার চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল অস্ট্রেলিয়া। ফুটবলে তারা ৫৯ নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ, খুব স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ে ছাড়া বাকি সবগুলো দেশই এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে ফিফা র্যাঙ্কিংয়ে আবার বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তান (১৮৫) ও শ্রীলঙ্কার চেয়ে (১৮৮)। জি নিউজ।
টেস্ট খেলুড়ে দলগুলোর ফিফা র্যাঙ্কিং
| দেশের নাম | টেস্ট র্যাঙ্কিং | ফিফা র্যাঙ্কিং |
|---|---|---|
| দক্ষিণ আফ্রিকা | ১ | ৭৪ |
| ভারত | ২ | ১৬৩ |
| অস্ট্রেলিয়া | ৩ | ৫৯ |
| পাকিস্তান | ৪ | ১৮৫ |
| নিউজিল্যান্ড | ৫ | ১৫০ |
| ইংল্যান্ড | ৬ | ৯ |
| শ্রীলঙ্কা | ৭ | ১৮৮ |
| ওয়েস্ট ইন্ডিজ | ৮ | (৫০, ত্রিনিদাদ ও টোবাগো) |
| বাংলাদেশ | ৯ | ১৭৯ |
| জিম্বাবুয়ে | ১০ | ১০৮ |