ফিফা সভাপতি পদে ম্যারাডোনা
সেপ ব্ল্যাটারের সঙ্গে তাঁর বিবাদ একরকম প্রকাশ্যই। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে টালমাটাল ফিফার সভাপতিকে সরাসরি ‘চোর’–ও বলেছেন ডিয়েগো ম্যারাডোনা। পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়া ব্ল্যাটার এরই মধ্যে ঘোষণা দিয়েছেন বিশেষ কংগ্রেসেই উত্তরসূরির হাতে ক্ষমতা সঁপে দেবেন। কিন্তু তাঁকে তো নির্বাচিত হয়ে আসতে হবে। ম্যারাডোনা তাই লড়তে চান সভাপতি নির্বাচনে। উরুগুইয়ান সাংবাদিক ভিক্টর হুগো মোরালেস জানিয়েছেন, ম্যারাডোনা ফিফা সভাপতির পদে প্রার্থী হবেন।
ম্যারাডোনা অবশ্য সহসভাপতি হওয়ার ইচ্ছে জানিয়েছিলেন আগে। সেখান থেকে সরে এসে সরাসরি সভাপতি প্রার্থী! কিন্তু মোরালেস ব্যাপারটা জানলেন কীভাবে? উরুগুয়ের এই সাংবাদিক ম্যারাডোনার‘ পুরোনো বন্ধু। মোরালেসের দাবি, ‘সে (ম্যারাডোনা) আমাকে বলেছে সে সভাপতি পদের জন্য লড়বে। সবাইকে সে জানিয়েও দিতে বলেছে।’
এর আগে ব্রাজিল কিংবদন্তি জিকোও সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে প্রশ্ন হলো, সভাপতি প্রার্থিতার জন্য অন্তত পাঁচটি ফুটবল ফেডারেশনের সমর্থন লাগবে। ম্যারাডোনা কি সেটা পাবেন? রয়টার্স।