ফিফাকে যুক্তরাষ্ট্রের অনুরোধ
মাস খানেক আগে জুরিখের এক হোটেল থেকে গ্রেপ্তার হয়েছিলেন ফিফার সাতজন কর্মকর্তা। ওই ঘটনা ফুটবলবিশ্বকে এমন ঝাঁকুনিই দিল যে বিপুল ভোটে পঞ্চম দফা সভাপতি নির্বাচিত হয়েও সেপ ব্ল্যাটারকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হলো। ওই সাত কর্মকর্তা এ পর্যন্ত সুইস পুলিশের হেফাজতেই আছেন। তবে এবার তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্র ওই সাতজনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সুইজারল্যান্ডের কাছে অনুরোধ করেছে।
জুরিখের ওই অভিযানে এফবিআইয়ের সংশ্লিষ্টতা ছিল। কিন্তু দেশের বাইরে বলে তারা সরাসরি হস্তক্ষেপ করেনি। কিন্তু তদন্ত যেহেতু যুক্তরাষ্ট্র করছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হতে হবে সেখানেই। সাতজন কর্মকর্তার মধ্যে আছেন সাবেক ফিফা সহসভাপতি কেম্যান আইল্যান্ডের জেফরি ওয়েব ও উরুগুয়ের ইউজেনিও ফিগেরাদো, নির্বাহী কমিটির মনোনীত সদস্য কোস্টারিকার এদুয়ার্দো লি, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক প্রধান হোসে মারিয়া মারিন, নিকারাগুয়ার হুলিও রকা ও কস্টাস টাক্কাস এবং ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন সভাপতি রাফায়েল এসকিভেল। ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৫ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে।
এঁদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত জানানোর জন্য ১৪ দিন সময় পাচ্ছে সুইস কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডও অবশ্য আলাদাভাবে তদন্ত শুরু করেছে। তবে ফিফা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শুধু জানিয়েছে, ‘এটা তাদের এখতিয়ারবহির্ভূত ব্যাপার।’
এখন প্রশ্ন উঠে যাচ্ছে, এই সাতজনকে নিয়ে তদন্ত শুরু হলে ব্ল্যাটার জড়িয়ে পড়বেন না তো? ফিফার বিদায়ী সভাপতি মেয়েদের আগামী পরশু বিশ্বকাপের ফাইনালে যাবেন না জানিয়ে দিয়েছেন কয়েক দিন আগেই। তবে জার্মান ম্যাগাজিন বুন্টের কাছে ব্ল্যাটার অবশ্য দাবি করেছেন তিনি নির্দোষ, ‘ফিফায় দুর্নীতি হয়েছে বলে আমিও দুর্নীতি করেছি, এ রকম অভিযোগ কেউ করলে আমার মাথা ঝাঁকানো ছাড়া কিছু করার নেই। এ রকম কেউ বললে তার জেলে যাওয়া উচিত। আমি একজন ধার্মিক লোক। স্বয়ং পোপ ফ্রান্সিসের আশীর্বাদধন্য সোনার ক্রস আছে আমার।’ এএফপি, বিবিসি।