ফিফাকে রজার্সের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, রোনালদো, নেইমার, ইব্রাহিমোভিচ, বেল...ব্যালন ডি’অরের ২৩ জনের তালিকায় সব বড় নামই আছে। শুধু একজনের না থাকা বিতর্ক তুলে দিয়েছে। লুইস সুয়ারেজ যে নেই এই তালিকায়! লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছেন না। তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন তিনি।
গত মৌসুমে লিভারপুলের হয়ে সুয়ারেজ নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। ৩১ গোল করে লিগের শীর্ষ গোলদাতা ছিলেন, দলকে নিয়ে গিয়েছিলেন শিরোপার খুব কাছাকাছি। কিন্তু বিশ্বকাপে কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় নিষিদ্ধ হয়েছেন চার মাস। ধারণা করা হচ্ছে, এই বিতর্কের কারণেই সুয়ারেজ বাদ পড়েছেন। কিন্তু রজার্স রীতিমতো বিস্মিত, ‘কেন সুয়ারেজ সংক্ষিপ্ত তালিকায় নেই, আমি তার একটা কারণও খুঁজে পাচ্ছি না। ফুটবলীয় বিচারে ওর না থাকার কোনো কারণ নেই। বুঝতে পারছি, কামড়ে দেওয়ার কারণেই ওকে বিবেচনায় আনা হয়নি। এটা একদমই অন্যায্য হয়েছে।’
ফিফাকে এই সুযোগে খোঁচাও দিলেন রজার্স, ‘ফুটবল দিয়ে বিচার করা হয় বলেই এটার নাম গোল্ডেন বল, নইলে তো এটা গোল্ডেন বল আর মাউথ হতো (মুখ দিয়ে কামড়ে দেওয়াকে ইঙ্গিত করে)। এই মুহূর্তে সেরা পাঁচ ফুটবলার হিসেবে সবাই বোধ হয় রোনালদো, মেসি, নেইমার, সুয়ারেজ আর বেলের কথাই বলবে। ওরা সবাই আছে, শুধু সুয়ারেজ নেই। এটা কীভাবে সম্ভব? তার মানে ব্যালন ডি’অর ফুটবল নিয়ে নয়।’
শুধু তালিকায় থাকা নয়, সুয়ারেজ ব্যালন ডি’অর পেতে পারতেন বলেও দাবি লিভারপুল কোচের, ‘আমি জানি না এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কিনা, কিন্তু ফুটবল নিয়ে বিচার করলে ব্যালন ডি’অর তালিকায় ওকে রাখা উচিত। এটা জেতার ভালো সম্ভাবনাও ছিল ওর।’ গোলডটকম।