ফিফাকে লিনেকারের বিদ্রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারি লিনেকার
গ্যারি লিনেকার

চার বছর আগেই গন্ধটা পেয়েছিলেন গ্যারি লিনেকার! ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্ধারণের জন্য চূড়ান্ত পর্বের ভোটাভুটি চলছিল ফিফার সদর দপ্তর জুরিখে। লিনেকার দাবি করেছেন, তলে তলে কিছু একটা যে চলছে সেটা তখনই টের পেয়েছিলেন। এখন তো সাবেক ইংলিশ স্ট্রাইকারের সন্দেহকে অমূলক বলা যাচ্ছে না।

কাতার বিশ্বকাপ নিয়ে অনেক দিন থেকেই চলছে বিতর্ক। জুন-জুলাইয়ের প্রচণ্ড গরমে কেন মধ্যপ্রাচ্যের দেশটিকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো, সেটা নিয়ে সমালোচনা কম হয়নি। কাতারকে সুযোগ পাইয়ে দিতে ফিফার অনেক কর্মকর্তা উৎকোচ নিয়েছেন, এমন অভিযোগও এসেছে। কাতার বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও খানিকটা হলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইংল্যান্ড অবশ্য হতে চেয়েছিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক। সেটা পায় রাশিয়া। ইংল্যান্ড অনেক চেষ্টা করেও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড় থেকে বাদ পড়ে যায় প্রথম দিকেই। ব্রিটিশ ম্যাগাজিন জিকিউকে লিনেকার বলছেন, ‘কাতারের সিদ্ধান্ত যেদিন হবে (২০১০ সালের ডিসেম্বরে), তার আগের দিন ডেভিড বেকহামের সঙ্গে আমি ছিলাম। আমরা সমর্থন পাওয়ার চেষ্টা করছিলাম, প্রিন্স উইলিয়াম ও ডেভিড ক্যামেরন (ব্রিটিশ প্রধানমন্ত্রী) সেখানে ছিলেন। বেকসকে (বেকহামকে) আমি বলছিলাম, “আমরা শুধুই এটা করছি। সবকিছু তো মনে হয় ঠিক হয়ে গেছে।”’ সে কথা স্মরণ করে ফিফাকে তাই ধুয়ে দিয়েছেন, ‘ফিফা নামটাই এখন আপনাকে অসুস্থ করে দেবে। শীর্ষ পর্যায়ে সেখানে জঘন্য ধরনের দুর্নীতি হচ্ছে। এটা খুবই লজ্জাজনক কারণ ফুটবল বিশাল একটা খেলা, মানুষের কাছে এটার আবেদন অন্য রকম।’

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকেও ছাড়েননি, ‘সেপ ব্ল্যাটার অনেক দিন ধরেই একধরনের একনায়কতন্ত্র কায়েম করে আসছেন। কিছুই করতে পারেননি তিনি।’ তাহলে কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়াটা পেছনদরজার কাজ? লিনেকারের সাফ কথা, ‘এটা হাস্যকর। আমি বলছি না বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটা হতে পারে না, কিন্তু গ্রীষ্মে সেখানে কেমন গরম পড়বে সেটা আগেই জানা ছিল। আমি কী বলছি সেটা নিয়ে সতর্ক থাকা উচিত, কিন্তু যা-তা রকমের দুর্নীতি হয়েছে।’

কিন্তু লিনেকারের এসব কথা কি ইংল্যান্ডের পরে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে কোনো প্রভাব ফেলবে? লিনেকার এ ক্ষেত্রে আপসহীন, ‘ইংল্যান্ড এই বিষয়ে স্পষ্ট। যেটা সঠিক আমাদের সেটাই বলতে বলতে হবে। সে জন্য যদি বিশ্বকাপ আয়োজন নাও করতে পারি, সমস্যা নেই।’ এএফপি।