ফিফাকে 'বুড়ো আঙুল' দেখিয়ে পিএসজিতেই এমবাপ্পে

অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত ফ্রান্সেই থাকলেন কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর হয়ে গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবল কাঁপানোর পর থেকেই বড় ক্লাবগুলোর নজরে ছিলেন। শুরু থেকেই তাঁকে নিয়ে গুজব ছড়িয়েছে, এমনকি শুক্রবার সকালে দলবদলের শেষ ঘণ্টায়ও সেটা ছিল। অনুমিত বিস্ফোরণই ঘটিয়েছেন ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ‘ট্রান্সফার ফি’তে পিএসজিতে যাচ্ছেন তিনি। তবে চুক্তিটি সম্পন্ন হবে আগামী মৌসুমে।
খটকা লাগারই কথা। আগামী মৌসুমেই যদি চুক্তি সম্পন্ন হয়, তবে এই মৌসুমে কোথায় খেলবেন তিনি? পিএসজিতেই খেলবেন, তবে ধারের খেলোয়াড় হিসেবে। আরও জটিল হয়ে গেল না? ধারই যদি হবে তবে খেলোয়াড় মূল ক্লাবে ফিরবে না কেন?
এই চুক্তির মারপ্যাঁচটা আসলে ‘ভরা মজলিশে’ ফিফার ফেয়ার প্লে নীতিকে বুড়ো আঙুল দেখানো। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে কেনার পর থেকেই কড়া নজরদারিতে আছে প্যারিসের ক্লাব। আর্থিক ভারসাম্য ঠিক রাখতে হলে খেলোয়াড় বিক্রি করতে হতো পিএসজিকে। সেখানে ১৮০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে কেনা তো অসম্ভব! তাই স্বাভাবিক উপায়ে এই মৌসুমে আর কোনো খেলোয়াড় কেনার সুযোগ ছিল না পিএসজির। কিন্তু বেতন বাড়ানোর ওপর অমন বাধা নিষেধ জোটেনি। তাই ধারে নিতে কোনো সমস্যা নেই। এই ফোকর গলেই প্যারিসের দলটি কিনেছে এমবাপ্পেকে।
চলতি মৌসুম শেষে ফরাসি ফরোয়ার্ডকে কিনে নেবে প্যারিস সেন্ট জার্মেই। দলবদলের সামগ্রিক মূল্য ১৮০ মিলিয়ন ইউরো। সাধারণত দলবদলের চুক্তিতে ভবিষ্যৎ কেনাবেচাকে আবশ্যকীয় করা হয় না। কিন্তু করার সুযোগ থাকে। এদিকে ফিফার নিয়মের ফাঁদ এড়ানোর জন্য এমবাপ্পের চুক্তিতে এই আবশ্যকীয় শর্তের উল্লেখ নেই। অর্থাৎ, আইনত, চলতি মৌসুম শেষে পিএসজি চাইলেই এমবাপ্পেকে ফেরত পাঠাতে পারে মোনাকোতে।
তবে সেটা যে হচ্ছে না, সে ব্যাপারে আগাম বার্তা দিয়ে রেখেছেন স্বয়ং এমবাপ্পে। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। এ ম্যাচের একটু আগেই পিএসজিতে আসার খবর প্রকাশ করা হয়েছে। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে গোল করেছেন এই ফরোয়ার্ড। ফ্রান্সের জার্সি গায়ে প্রথম গোলের জন্য বেছে নিয়েছেন পিএসজির ঘরের মাঠ স্তাদে ডি ফ্রান্সকে।
নেইমার, এমবাপ্পে একই দলে। লিগ তো বটেই, চ্যাম্পিয়নস লিগেও ফুটবলীয় পরাশক্তি হিসেবেই নামছে পিএসজি। দলে রয়েছে কাভানি, ড্রাক্সলার, ডি মারিয়ার মতো দুর্ধর্ষ তারকারা। সময় এসেছে দলবদলের জানালা বন্ধ করে মাঠে তাকানোর। ইউরোপীয় ফুটবলের খোলনলচে পাল্টে দেওয়ার পণ নিয়েই মাঠে আসছে পিএসজি।