ফিফায় যুক্তরাষ্ট্র কেন নাক গলাচ্ছে, প্রশ্ন রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটারের ঘোর দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন পুতিন। ফাইল ছবি
ব্ল্যাটারের ঘোর দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন পুতিন। ফাইল ছবি

দুর্নীতির​ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ফিফায় অন্যায় হস্তক্ষেপ করছে বলে পাল্টা অভিযোগ করল রাশিয়া। এফবিআইয়ের তদন্তে পুরো ফুটবল বিশ্বে তোলপাড়। কিন্তু এর মধ্যে অন্য কিছুর গন্ধ খুঁজে পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট মনে করেন, ফিফার বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা কোন অধিকারে ফিফার মতো বৈশ্বিক একটি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে, এ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আগামীকাল ফিফা সভাপতি পদে মহা গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনের ঠিক দুদিন আগে এফবিআইয়ের তদন্তের খবর বেরোল। চলল ব্যাপক ধরপাকড়। তিন বছরেরও বেশি সময় ধরে গত ২৪ বছরে ফিফার দুর্নীতির ব্যাপারে এফবিআই যদি তদন্ত চালিয়েও থাকে, সেটার ফলাফল ঘোষণার জন্য ঠিক ফিফা নির্বাচনের সময়টা বেছে নেওয়া হলো কেন? এমন প্রশ্নও কারও কারও মনে ঘুরছে।
এ ব্যাপারে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছেন পুতি​নও, ‘ব্ল্যাটার যেন আবারও ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হতে না পারেন, পরিষ্কারভাবে সেই চেষ্টাই করা হচ্ছে। যেটা আন্তর্জাতিক সংস্থাগুলোর মূলনীতির চরম লঙ্ঘন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মার্কিন বন্ধুরা এ ধরনের পদ্ধতি ব্যবহার করে​ তাদের স্বার্থ হাসিল আর অন্যায়ভাবে মানুষদের হয়রানি করে। ফিফার ক্ষেত্রেও যে এমনটা হয়নি, তা আমি জোর দিয়ে বলব না।’
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে সুইস সরকার এরই মধ্যে জুরিখে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার কথা। কিন্তু পুতিনের দাবি, এটা আমেরিকার বিশ্বজুড়ে ক্ষমতা বিস্তারের একটা উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। গ্রেপ্তার যদি করতেই হয়, সেই এখতিয়ার যুক্তরাষ্ট্রের হাতে কেন থাকবে, সেই প্রশ্ন তাঁর, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধে যে গ্রেপ্তারগুলো করা হয়েছে, সেটি আমার কাছে অদ্ভুত ঠেকেছে। দুর্নীতির​ অভিযোগে অভিযুক্ত যাঁরা, তাঁরা কারা? আন্তর্জাতিক কর্মকর্তা। আমার কাছে মনে হয়েছে এখানে ​আইনের লঙ্ঘন হয়েছে। সেটা কী, তা সুনির্দিষ্ট করে বলতে পারব না। তবে এটা নিশ্চিত, এতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কোনো কারণ নেই।’
কেন নেই সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘ওই কর্মকর্তারা তো আর যুক্তরাষ্ট্রের নাগরিক নন। কিছু যদি ঘটেও থাকে সেটা যুক্তরাষ্ট্রেও হয়নি। তাহলে ওরা কেন নাক গলাচ্ছে?’
২০১৮ অথবা ২০২২ এর যেকোনো একটি বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ২০১৮ বাদ দিয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে আবেদন করে দেশটি। চার দফা ভোটাভুটিতে শেষ পর্যন্ত কাতারের কাছে ১৪-৮ ব্যবধানে হেরে যায়। অন্যদিকে ১৩ ভোট পেয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের ভার পায় রাশিয়া।
কোন দেশ বিশ্বকাপের স্বাগতিক হবে, সেটি নির্ধারিত হয় ফিফার নির্বাহী কমিটির ২২ জনের ভোটে। এফবিআইয়ের তদন্তে উঠে এসেছে, এই ২২ জন ভোটারের কাউকে কাউকে প্রভাবিত করতে স্বাগতিক হতে ইচ্ছুক দেশগুলো প্রচুর পরিমাণে ঘুষ দিয়েছে। ২০১০ বিশ্বকাপ আয়োজনের ভার পেতে দক্ষিণ আফ্রিকা যেমন ১ কোটি ডলার ঘুষ দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। তদন্ত চলছে রাশিয়া আর কাতার নিয়েও। অনেকেই এফবিআইয়ের এই তদন্ত স্বাগত জানিয়েছে। খোদ ফিফাও ঘোষণা দিয়েছে পূর্ণ সহযোগিতার।
এই ঘটনা আগামীকালকের নির্বাচনে প্রভা​ব ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে টানা এতগুলো বছর ফিফা প্রধানের দায়িত্ব পালন করে আসা ব্ল্যাটার এবারও নির্বাচনে পরিষ্কারভাবে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় এবার ব্ল্যাটার সিংহাসন হারাতে পারেন বলেই মনে হচ্ছে।