বাফুফের আর্থিক দুশ্চিন্তা এবার বুঝি দূর হলো! ফিফা যেভাবে আর্থিক সহায়তার দুয়ার আরও খুলে দিয়েছে সদস্যদেশগুলোর সামনে, তাতে আগামী চার বছরে বাফুফে বড় ধরনের অর্থযোগ দেখছে।
গত তিন বছরে বাফুফে ফিফা-এএফসির অনুদানের সঙ্গে স্পনসরের টাকা যোগ করে মোট ৫২ কোটি টাকা খরচ করেছে। অথচ স্পনসরের টাকা বাদ দিয়েই আগামী চার বছরে শুধু ফিফার কাছ থেকেই ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪০ কোটি টাকা) পেতে পারে বাফুফে।
এত দিন সদস্যদেশগুলোকে বছরে আড়াই লাখ ডলার দিত ফিফা। এএফসি দিয়ে আসছে আড়াই লাখ ডলার। অর্থাৎ বছরে পাঁচ লাখ ডলার পেত বাংলাদেশ। এবার ফিফা বার্ষিক অনুদান আড়াই থেকে বাড়িয়ে পাঁচ লাখ ডলার করেছে। আরও আড়াই লাখ ডলার পাওয়া যাবে জাতীয় দলের বিদেশে যাওয়া-আসা বাবদ। যেটি ফিফার ভাষায়, ‘ন্যাশনাল টিমস সাবসিডি।’
এ ছাড়া বছরে আরও পাঁচ লাখ ডলার পাওয়ার সুযোগ আছে, প্রকল্প তৈরি করে ফিফার কাছে পাঠালে তবেই মিলবে এই আর্থিক বরাদ্দ। তবে এ জন্য ১০টি শর্ত আছে ফিফার। সেসব খুব কঠিন নয়। পুরুষ, মহিলা, কিশোর ফুটবল, টেকনিক্যাল ডাইরেক্টর, বেতনভুক্ত সাধারণ সম্পাদক ইত্যাদি থাকতে হবে। বাফুফে এই শর্তগুলো আগেই পূরণ করেছে।
তাই এএফসির আড়াই লাখ ডলার বাদ দিয়ে শুধু ফিফার কাছ থেকেই বছরে সাড়ে ১২ লাখ ডলার পেতে পারে বাংলাদেশ। পাশাপাশি জাতীয় দলের সরঞ্জামসহ আরও কিছু খাতে বাফুফে চাইলে ফিফার কাছ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিতে পারে। ১২-১৩ মে মেক্সিকো সিটিতে ফিফার কংগ্রেসে অনুমোদিত এসব সিদ্ধান্ত কার্যকর হবে এ বছর থেকেই। এ ছাড়া আগামী বছর থেকে আঞ্চলিক সংস্থাগুলোকে ১০ লাখ ডলার করে দেবে ফিফা। তাই আর্থিকভাবে সচ্ছল হচ্ছে সাফও। ফিফার কংগ্রেস শেষে কাল দেশে ফিরে এসব তথ্য জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সেপ ব্ল্যাটার যুগের শেষ দিকে আর্থিক দুর্নীতির অভিযোগে টালমাটাল ফিফার সংস্কার কর্মসূচিরই অংশ এটা। ফিফায় আর্থিক সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতির সঙ্গে ২১১টি সদস্যদেশকে আর্থিকভাবে আরও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সভাপতি নির্বাচিত হয়ে তিনি এই আর্থিক প্রণোদনা কংগ্রেসে অনুমোদন করিয়ে নিয়েছেন।
বাংলাদেশের ফুটবলের জন্য এটা বড় সুসংবাদ। এক দিকে বাফুফের পাশে টাকার থলে হাতে দাঁড়িয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। এখন ফিফার এত এত অনুদানের ঘোষণা! কিন্তু তারপরও বড় প্রশ্ন, প্রকল্পভিত্তিক পাঁচ লাখ ডলারের অনুদানটা ঠিকঠাক নিতে পারবে তো বাংলাদেশ?
এর আগে ফিফার কাছ থেকে একটা টার্ফ নিতেই বাংলাদেশের লেগেছে প্রায় পাঁচ বছর! কারণ জায়গার মালিক সরকার। আর সেটি পেতে এ দেশে সরকারি লাল ফিতার দৌরাত্ম্য কী রকম সেটি সবারই জানা। তাই ফিফা কংগ্রেস থেকে ঢাকা ফিরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘ফিফার কাছ থেকে চার বছরে পাঁচ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ আছে এটা ঠিক। তবে প্রকল্প তৈরিতে সরকারের সহযোগিতা খুবই দরকার।’
কিন্তু এক সিলেট বিকেএসপিতে গড়া সবেধন নীলমণি একাডেমিটা সকারের কাছ থেকে পাঁচ বছরের জায়গায় আরও লম্বা সময়ের জন্য পেতে গলদঘর্ম অবস্থা বাফুফের। ফলে একাডেমি মুখ থুবড়ে আছে। আশার কথা, আজ দুপুরে সালাউদ্দিনের বাসায় এসব নিয়ে আলোচনায় বসছেন ফিফার এ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ। যেখানে একাডেমি, নারী ফুটবলে ফিফার সহায়তা কীভাবে আরও পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে।