ফিফার ওপর চটেছেন জিদান
ফিফার নিষেধাজ্ঞা এক কাতারে নিয়ে এল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। নিয়ম ভেঙে ১৮ বছরের কম বয়সী বিদেশি খেলোয়াড় দলে নেওয়ায় গত জানুয়ারির দলবদলে নিষিদ্ধ হয়েছিল দুই দল। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল দুই দল, কিন্তু ফিফা সেটি নাকচ করে দিয়েছে পরশু। অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারির আগে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না মাদ্রিদের দুই ক্লাব।
অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের দলে নিতে চাইলে ফিফার একটি বিশেষ কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয়। বেশ কিছু শর্ত পূরণ করেই কোনো ক্লাব বিদেশি কিশোর খেলোয়াড়দের দলে নিতে পারে। রিয়াল ও অ্যাটলেটিকোর বিরুদ্ধে সেই শর্ত পূরণ না করার অভিযোগ তুলে শাস্তি দিয়েছে ফিফা।
রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য এ নিয়ে ফিফার ওপর বেজায় চটেছেন। কারণ, কিশোর ফুটবলারদের তালিকায় যে তাঁর তিন ছেলেও আছে! ‘আমি এ শাস্তির মানে বুঝলাম না, আমার ছেলেরা এখানেই জন্মেছে, এখানেই কাটিয়েছে সারা জীবন। আর এখন কিনা তাদের খেলতে দেওয়া হবে না! আমি খুব বিরক্ত, আশা করি খুব দ্রুত এর সমাধান মিলবে।’
রিয়াল আশা এখনো ছাড়েনি। আনুষ্ঠানিক বিবৃতিতে এ রায়ের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছে তারা, ‘ক্লাব এ অন্যায় সিদ্ধান্তে হতাশ। এ সিদ্ধান্ত বদলানোর জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আমরা আবেদন করব। আমরা আত্মবিশ্বাসী, সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে।’
দুই মৌসুম আগে বার্সেলোনাও পড়েছিল একই সমস্যায়। সেবারও সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন করেছিল বার্সেলোনা, কিন্তু লাভ হয়নি। এএফপি, রয়টার্স।