ফিফার কর্তাদের শনির দশা চলছেই

নতুন ভোর, আলাদা দিন। তবে জুরিখের দ্য বাউ ওলাখ হোটেলের গল্পটা একই। আবারও এই হোটেল থেকে ফিফার দুজন সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফার দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তদন্তের অংশ হিসেবে আজ ভোরে সুইস পুলিশ দুই ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। এর আগে গত ২৬ মে, ফিফা নির্বাচনের আগের দিন, একই হোটেল থেকে দুর্নীতির অভিযোগে সাত ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইজারল্যান্ডের পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তার হলেন হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত। হাউয়িট উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনক্যাকাফ) সভাপতি। আর নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি। দুজনই ফিফার শক্তিশালী নির্বাহী কমিটির সদস্য।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস লিখেছে, পুলিশ সকাল ৬টায় জুরিখের বাউ ওলাখ হোটেলে অভিযান চালায়। অর্থ ও মানব পাচার এবং প্রতারণার অভিযোগ রয়েছে ফিফার এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছিল।
মজার ব্যাপার, গত মে মাসে কনক্যাকাফের সাবেক সভাপতি জেফরি ওয়েব গ্রেপ্তার হওয়ার পরই সভাপতির পদে আসেন হাউয়িট। নাপুতও কনমেবলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই বছরের মার্চে। এই দুই নবনিযুক্ত ফিফা কর্মকর্তার গ্রেপ্তার হওয়া এটাই প্রমাণ করে যে, তদন্ত পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, নতুন কর্মকর্তারাও ফিফার দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন। অবশ্য হাউয়িট সব সময়ই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করে এসেছেন।
দুই উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার খবরে ফিফা এক বিবৃতিতে লিখেছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আজ যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে ফিফা অবগত আছে। সুইজারল্যান্ডের আইনের মধ্যে থেকে ফিফা এই তদন্তে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করবে। সুইস অ্যাটর্নি জেনারেলের অফিস যে তদন্ত পরিচালনা করছে তাতেও সহায়তা দেবে।
আজ সকালের অভিযানে গ্রেপ্তার হওয়া সকল কর্মকর্তার নাম এখনো জানা যায়নি। তবে আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের তালিকায় আপাত-নিষিদ্ধ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কিংবা তাঁর সাবেক ডেপুটি জেরোম ভালকও নেই।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফিফার ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। গত দুই দশক ধরে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব এবং ফিফার বাজারজাতকরণ ও সম্প্রচার চুক্তিতে দুর্নীতির কারণে এই অভিযোগ আনা হয়েছিল। তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস।