ফিফার কাছে প্রত্যাশার বেলুন ফোলাননি জেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি: প্রথম আলো
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি: প্রথম আলো

বাংলাদেশ ফুটবলে নতুন দিনের প্রত্যাশা চলছে অনেক দিন ধরে। দিন তো আসে না! মাঝে-মধ্যে উষার উঁকিঝুঁকি মেলে। এরপর আবার হতাশা। জেমি ডে এই অন্ধকারের চাদর সরিয়ে নতুন দিন আনতে চান। তাঁর প্রত্যাশা, দিন বদলাবেই।

ফিফার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে দেশের ফুটবল নিয়ে যেমন বাস্তববাদী কথা বলেছেন, আবার আশার কথাও শুনিয়েছেন। করোনার শুরু থেকেই নিজের দেশ ইংল্যান্ডে আছেন জেমি। সেখানে বসেই অঙ্ক কষছেন বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি ৪ ম্যাচের ভালো কিছু করার। ঈদের পরপরই গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয়ে যাবে জাতীয় দলের অনুশীলন। অক্টোবরে মাঠের লড়াই শুরু। করোনা মহামারির আগে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ৪ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে জিততে জিততে ড্র।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের বাকি ৪ ম্যাচে এখন ভালো করাই লক্ষ্য বাংলাদেশের। গ্রুপে অবশ্য চার প্রতিপক্ষ কাতার, ভারত, আফগানিস্তান ও ওমানের পেছনে বাংলাদেশকে রাখেন জেমি। তাই জেমি প্রত্যাশার বেলুন ফোলাতে রাজি নন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। নিজেদের গ্রুপে আমরা বাকিদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা ওপরের দল। তবে আমরা আগের চার ম্যাচে ভালো খেলেছি এবং আরও পয়েন্ট পেতে পারতাম।’

বাছাইপর্বে আফগানিস্তানের সঙ্গে ১-০ গোলে হারের পর কাতারের সঙ্গে ঢাকায় ২-০ গোলে হার। ওমানের কাছে হার ৪-১ গোলে। ওমানের সঙ্গে ম্যাচটা পোড়ায় এই ইংলিশ কোচকে, ‘চার ম্যাচেই আমরা ভালো খেলেছি। কিন্তু ওমানের সঙ্গে দ্বিতীয়ার্ধে গোল খাওয়াটা খুবই হতাশার।’

গ্রুপপর্বের লড়াই এখন মাঝপথে। বাংলাদেশের এখান থেকে উত্তরণের সুযোগ খুব সীমিত। তবে শেষ চার ম্যাচের তিনটি হবে ঘরের মাঠে। চেনা আঙিনা হওয়ায় ইতিবাচক ফল আশা করতেই পারেন জেমি ডে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। কিন্তু করোনা মহামারির মধ্যে ঘরের দর্শকেরা গ্যালারিতে থাকবেন কি না সে নিয়ে সন্দেহ আছে কোচের। ঠিক এ কারণেই জয়ের জন্য গুরুত্বপূর্ণ ‘টোটকা’ (দর্শক) না পাওয়ার আক্ষেপ ঝরল কোচের কণ্ঠে। ইউরোপে এর মধ্যে ক্লাব ফুটবল শুরু হলেও খেলা হচ্ছে দর্শকহীন মাঠে। জেমি ডে তা দেখে হতাশা। দর্শকদের সমর্থন যে তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলে পয়েন্ট অর্জন করে এশিয়ান কাপে খেলার বিষয়টি বাস্তবায়ন করতে চাই। কিন্তু হতাশার বিষয় হলো মাঠে দর্শক থাকবে না। এমন ম্যাচে তাদের কাছ থেকে বড় সমর্থন পাওয়া যায়।’

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশকে ফুটবলে শিরোপা এনে দিতে আশাবাদী, ‘২০১৮ সালে (বাংলাদেশ) আসার পর জাতীয় দল বাজে অবস্থায় ছিল। কিন্তু এত দিনে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি বলে বিশ্বাস করি। আগামী দুই বছরের মধ্যে ট্রফি জয়ের আশাবাদ থাকা উচিত আমাদের।’

ক্রিকেটের রমরমা অবস্থা দেখেও জেমির আশা বাংলাদেশ এক সময় এশিয়ান ফুটবলের অন্যতম সেরা দল হয়ে উঠবে। জেমির ভাষায়, ‘ফুটবল বাংলাদেশে খুব জনপ্রিয় বলেই মনে করি। ক্রিকেট উন্নয়ন, স্পনসর ও অবকাঠামোগত দিক থেকে এগিয়েছে। তৃণমূল থেকে পেশাদার ক্লাব পর্যায়ে ফুটবলের উন্নতি করতেই হবে। এতে খেলাটির উন্নতি হবে এবং সম্ভাবনাময় ফুটবলার বেরিয়ে আসবে।’