ফিফার কড়া সমালোচনায় লিনেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারি লিনেকার এখন
গ্যারি লিনেকার এখন

সাধাররণত ঠান্ডা স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত গ্যারি লিনেকার। ইংলিশ ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকার সব সময়ই একটু পরিমিতিবোধ নিয়ে কথাবার্তা বলেন। কিন্তু ২০২২ সালে কাতারের বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে তিনি এতটাই বিরক্ত যে এ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আর কিছু রেখেঢেকে রাখলেন না। সোজাসাপ্টাই জানিয়ে দিয়েছেন কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ‘হাস্যকর’ ছাড়া আর কিছুই নয়।
লিনেকার প্রচণ্ড বিরক্ত ফিফার কর্মকাণ্ডেও। ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি ছিল ইংল্যান্ডের। ১৯৬৬ সালের পর আর কখনোই ফুটবলের সূতিকাগারে ফেরেনি বিশ্বকাপের মহাযজ্ঞ। ইংল্যান্ডের বিডিং দলের সদস্য হয়ে তিনি বুঝতে পেরেছেন বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি এখন আর প্রকাশ্য সমর্থন আদায়ের কোনো বিষয় নয়, টেবিলের তলায় বা বদ্ধ দরজার ওপারেই এ ব্যাপারে এখন সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লিনেকারের অভিযোগ, ফিফা দুর্নীতিকে রীতিমতো ‘গা গুলোনো’ ব্যাপারে পরিণত করেছে।
২০১৮ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়ার। ইংল্যান্ড মনে-প্রাণেই চেয়েছিল পরের বিশ্বকাপটা তাদের মাঠে আয়োজনের। সে লক্ষ্যে ২০১০ সালে জুরিখে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে একটি শক্তিশালী বিডিং দলই প্রেরণ করেছিল তারা। ফুটবলার প্রতিনিধি হিসেবে ডেভিড বেকহামের সঙ্গে সেই দলের অন্যতম সদস্য ছিলেন এই লিনেকার। তাঁর অভিজ্ঞতা এ ব্যাপারে যথেষ্টই তিক্ত, ‘বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সমর্থন আদায়ের জন্য আমরা অনেক কিছুই করেছি। ফিফার বিভিন্ন সদস্যের সমর্থন আদায়ের জন্য যথেষ্ট চেষ্টাও করেছি। কিন্তু ওই সময় অবাক হয়ে লক্ষ্য করেছি ইংল্যান্ডের বিডিং দল যেভাবে বিশ্বকাপ আয়োজনের সমর্থন আদায়ের জন্য পরিশ্রম করে চলেছে, অন্যরা তেমনটি করছে না। আমি তখনই বুঝে গিয়েছি পুরো বিষয়টিই একধরনের প্রতারণা ও শঠতায় মোড়া।’
কাতারে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে তাঁর মূল আপত্তিটা অন্য জায়গায়, ‘আমি মোটেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে-ফিরে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে নই। কিন্তু আপনাকে এ ব্যাপারে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বছরের ওই সময় দেশটি যে উত্তপ্ত উনুন হয়ে থাকে, এ কথা নিশ্চয়ই ফিফা সভাপতির অজানা কোনো বিষয় নয়। তাই এদিক দিয়ে বিচার করলে এই সিদ্ধান্তটি হাস্যকর।’
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারেরও কড়া সমালোচনা করেছেন লিনেকার, ‘এই লোকটি ফুটবল-বিশ্বকে নিজের ইচ্ছা-অনিচ্ছার কাছে জিম্মি করে ফেলেছে। সে স্বৈরাচারী কায়দায় চালাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।’
এত কিছুর পরেও একটি বিষয় নিয়ে তৃপ্তি আছে লিনেকারের, ‘হ্যাঁ, বহু বছর ধরে আমরা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত। অনেকেই বলেন, সবাই যেভাবে চলছে, সেভাবে তোমরা চলো না কেন! আমি মনে করি, ইংল্যান্ড যেভাবে স্বচ্ছভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায়, সেটা পরিবর্তিত হওয়া উচিত নয়। অবশ্যই আমাদের অন্যায়ের সঙ্গে আপোস করা উচিত নয়। এর কারণে আমরা যদি আর কোনোদিন বিশ্বকাপ আয়োজনের সুযোগও না পাই, তাও সই।’ এএফপি।