ফিফার নতুন দুই সদস্য জিব্রাল্টার ও কসোভো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক অপেক্ষার পর অবশেষে ফিফার সদস্যপদ পেয়েছে জিব্রাল্টার ও কসোভো। এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্যসংখ্যা হলো ২১১। মেক্সিকোতে গতকাল শুক্রবার শেষ হওয়া ফিফা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ দুটি দেশকে ফিফা সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এর ফলে এ দুটি দেশ এখন আগামী বিশ্বকাপের বাছাই–প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) অবশ্য ফিফা সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল সেই ২০১৪ সালে। তবে তখন তাদের আবেদন বাতিল করে দেয় ফিফা। পরে এ নিয়ে আন্তর্জাতিক আদালতে যায় জিএফএ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত জিএফএর পক্ষে রায় দেন। মেক্সিকোতে হওয়া কংগ্রেসে ১৭২-১২ ভোটে জিতে ফিফার সদস্যপদ পায় জিব্রাল্টার। ফিফার ২১১তম সদস্য হিসেবে গ্রহণ করা হয় তাদের। এর একটু আগেই ১৪১-২৩ ভোটে জিতে ফিফার ২১০তম সদস্য হয় কসোভো।