ফিফার নিষেধাজ্ঞার কবলে কুয়েত
বিশ্বকাপ বাছাইপর্ব চলছে। এশিয়া অঞ্চলে গ্রুপ ‘জি’র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুয়েত। এমন একটা সময়ে মধ্যপ্রাচ্যের এই ফুটবল-শক্তির বিশ্বকাপ-স্বপ্নে বড় একটা আঘাত হয়েই এল ফিফার এক সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে কুয়েতকে। ফুটবল কার্যক্রমে সরকারি হস্তক্ষেপেরই মূল্য দিচ্ছে ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ খেলা দেশটি।
সিদ্ধান্তটা হয়ে গিয়েছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফিফার কার্য নির্বাহী কমিটির সভাতেই। সময় দেওয়ার হয়েছিল ১৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে কুয়েতি ফুটবল সরকারি হস্তক্ষেপ বন্ধ হলে হয়তো নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে হতো না তাদের। ফিফা অবশ্য জানিয়েছে সরকারি হস্তক্ষেপ বন্ধ করে কুয়েতের ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোকে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে দিলেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের পরবর্তী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৭ নভেম্বর, মিয়ানমারের বিপক্ষে। সূত্র: এএফপি।