ফিফার বর্ষসেরায় মেসি-রোনালদো, নেই নেইমার

সেরা তিনে লেভানডফস্কির সঙ্গে আছেন মেসি-রোনালদো।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে গত বুধবার দুর্দান্ত একটা হ্যাটট্রিক করেছেন নেইমার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিউতি প্রশ্ন উঠে গেল—নেইমারই কি এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়? কেউ কেউ তো পোলও খুলে বসলেন কে সেরা—সেটি নির্ধারণের জন্য।

সেরার প্রশ্নে একেকজনের মত একেক রকম হবেই। কারও চোখে লিওনেল মেসি সেরা, তো কারও চোখে ক্রিস্টিয়ানো রোনালদো। কারও চোখে দুর্দান্ত ২০২০ সাল কাটানো রবার্ট লেভানডফস্কি এ মুহূর্তে বিশ্বের সেরা, তো কারও চোখে নেইমারই পুরস্কারটার যোগ্য দাবিদার। কেউ এগিয়ে রাখেন মোহামেদ সালাহকে, তো সাদিও মানেকেও পিছিয়ে রাখতে রাজি নন অনেকে।

কিন্তু এসব তো ব্যক্তিগত মতামত, শেষ পর্যন্ত যাঁদের হাত থেকে পুরস্কারটা আসে, তাঁদেরই একটি ফিফার মনোনয়ন ব্রাজিল-পিএসজি কিংবা নেইমার–ভক্তদের হতাশ করবে। এবার বর্ষসেরা ফুটবলারের সেরা তিনের চূড়ান্ত মনোনয়নে নেইমারকেই রাখেনি ফিফা।

নেইমার বাদ পড়লেও মেসি-রোনালদো ঠিকই আছেন। গত ১০-১২ বছরের মতো এবারও তাঁদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ দুজনের সঙ্গে এবার লড়াইটা চলবে লেভানডফস্কির।

সেরা কোচ হবেন কে?
ছবি: টুইটার

মূলত তিনটি বর্ষসেরা ফুটবলের পুরস্কার নিয়েই বেশি মাতামাতি চলে। এর মধ্যে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর এবার দেওয়া হয়নি করোনার কারণে সব দেশে ফুটবল একই রকমভাবে চলেনি বলে। ফ্রান্সের লিগই যেমন পুরোপুরি শেষ হয়নি। তবে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন লেভানডফস্কি।

পাবেন নাই-বা কেন! চোখধাঁধানো একটা বছরই যে কাটিয়েছেন ‘লেভা’। বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন। নিজে করে গেছেন গোলের পর গোল। গত মৌসুমে লিগে করেছিলেন ৩১ ম্যাচে ৩৪ গোল, এবার এরই মধ্যে ৯ ম্যাচে ১২টি। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে গোল করেছেন ১৫টি, এবার গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩টি।

সে তুলনায় মেসি ও রোনালদোর বছরটা অনেক অনুজ্জ্বলই গেছে। রোনালদো তো তবু জুভেন্টাসের ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বনে যাওয়া ইতালিয়ান লিগ জিতেছেন, মেসি তো কিছুই জেতেননি গত মৌসুমে। লিগে গত মৌসুমে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা অবশ্য হয়েছেন মেসি। কিন্তু এই মৌসুমে গোলের সামনে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ১০ ম্যাচে করেছেন ৪ গোল। গত মৌসুমে মেসি চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে করেছিলেন ৩ গোল, এবার ৪ ম্যাচেই করেছেন ৩ গোল।

বায়ার্নের হয়ে ত্রিশিরোপা জেতা নয়্যারই এগিয়ে আছেন।
ছবি: টুইটার

আর রোনালদো? লিগ জিতলেও গত মৌসুমে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা পাননি। রোনালদো করেছিলেন ৩১ গোল, ৩৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লাৎসিওর চিরো ইম্মোবিলে। এবার অবশ্য লিগে চোখধাঁধানো ফর্ম রোনালদোর, ৬ ম্যাচে করেছেন ৮ গোল। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে রোনালদো ৮ ম্যাচে করেছিলেন ৪ গোল, এবার ৪ ম্যাচেই ৪ গোল।

সে তুলনায় নেইমারের পারফরম্যান্স সেরা তিনে আসার মতো ছিল কি না, সে বিতর্ক হতেই পারে। ফরাসি লিগসহ ঘরোয়া দুটি কাপই জিতেছে নেইমারের পিএসজি, প্রথমবারের মতো উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। যদিও বায়ার্নের কাছে হেরে প্রথম চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন পূরণ হয়নি নেইমারদের। লিগে গত মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন নেইমার, এবার ৬ ম্যাচে ৩ গোল। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে নেইমারের গোল ছিল ৭ ম্যাচে ৩টি, এবার ৫ ম্যাচে ৬টি!

হয়তো ফরাসি লিগ পুরোপুরি শেষ না হওয়াই নেইমারের কপাল পুড়িয়েছে!

কে জিতবেন সেরা গোলের পুরস্কার?
ছবি: টুইটার

ছেলেদের ফুটবলে বর্ষসেরার পাশাপাশি মনোনয়ন চূড়ান্ত হয়েছে মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচও।

ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের মনোনয়নে চমক হয়ে আসছে লিডস ইউনাইটেডের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার মনোনয়ন। তাঁর সঙ্গে আছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও বায়ার্নের হান্সি ফ্লিক।

পুরস্কার দেওয়া হবে ১৭ ডিসেম্বর। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেওয়া হবে পুরস্কার।

মনোনীতদের তালিকা
ছেলেদের ফুটবল:

বর্ষসেরা ফুটবলার
- রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন/পোল্যান্ড)
- লিওনেল মেসি (বার্সেলোনা/ আর্জেন্টিনা)
- ক্রিস্টিয়ানো রোনালদো

বর্ষসেরা গোলকিপার
- আলিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল)
- মানুয়েল নয়্যার (বায়ার্ন/ জার্মানি)
- ইয়ান অবলাক (আতলেতিকো/ স্লোভেনিয়া)

বর্ষসেরা কোচ
- হান্সি ফ্লিক (বায়ার্ন/জার্মানি)
- ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি)
- মার্সেলো বিয়েলসা (লিডস/আর্জেন্টিনা)

মেয়েদের ফুটবল:
বর্ষসেরা খেলোয়াড়

- লুসি ব্রোঞ্জ (লিওঁ/ ম্যান সিটি/ ইংল্যান্ড)
- পেরনিল হার্ডার (ভলফসবুর্গ/ চেলসি/ ডেনমার্ক)
- ওয়েনডি রেনার্ড (লিওঁ/ ফ্রান্স)

বর্ষসেরা গোলকিপার
- সারা বুহাদ্দি (লিওঁ/ ফ্রান্স)
- ক্রিস্টিয়ান এন্ডলার (পিএসজি/ চিলি)
- অ্যালিসা নেহের (শিকাগো/ যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা কোচ
- এমা হায়েস (চেলসি/ ইংল্যান্ড)
- জাঁ-লুক ভাসো (লিওঁ/ ফ্রান্স)
- সারিয়া ভাইগমান (হল্যান্ড জাতীয় দল)

পুসকাস (বছরের সেরা গোল)

জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/উরুগুয়ে)

সন হিউং মিন (টটেনহাম/দক্ষিণ কোরিয়া)

লুইস সুয়ারেজ (বার্সেলোনা/ আতলেতিকো/উরুগুয়ে)