ফিফার বিরুদ্ধে যুদ্ধ মার্কিন বিচার বিভাগের

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কমপক্ষে ১৪ জন শীর্ষ কর্মকর্তা আজ বুধবারের মধ্যেই ফেঁসে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আনা দুর্নীতির এই অভিযোগে।
আগামী শুক্রবার জুরিখে ফিফার সদর দপ্তরে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আশঙ্কা করা হচ্ছে, মার্কিন বিচার বিভাগ দুর্নীতির অভিযোগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরলে সদর দপ্তর থেকেই গ্রেপ্তার হয়ে যেতে পারেন শীর্ষ কর্মকর্তারা। নির্বাচন উপলক্ষে এঁরা সবাই এই মুহূর্তে জুরিখে অবস্থান করছেন।
জুরিখ পুলিশের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন সুইস সরকারের তরফ থেকে। মার্কিন বিচার বিভাগ অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেবেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছেন, সে তালিকায় সেপ ব্ল্যাটার নেই বলেই জানা গেছে। তবে তিনিও এ ব্যাপারে বিভিন্নমুখী জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন বলে জানা গেছে। শুক্রবার ফিফা সভাপতি পদে নিজের পঞ্চম মেয়াদের জন্য লড়বেন এই প্রবীণ ফুটবল সংগঠক। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নির্বাচনের সময়ও তারা তদন্তের কাজ চালিয়ে যাবে। মার্কিন বিচার বিভাগের জালে ব্ল্যাটারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তা ধরা পড়তে যাচ্ছেন বলে আভাস দিয়েছে বিশ্বখ্যাত এই গণমাধ্যমটি। দুর্নীতির অভিযোগ যাঁদের বিপক্ষে উঠবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত চালাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই।
বিশ্ব ফুটবলের এই পরিচালন সংস্থার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনাচারের অভিযোগ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এই ক্ষমতাধর সংস্থাটিকে বিভিন্ন দুর্নীতির আখড়া হিসেবে অভিহিত করা হয়। ফিফা অবশ্য বরাবরই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে এসেছে।
গত ডিসেম্বরে ফিফার নৈতিকতা সংক্রান্ত কমিটি এক তদন্তে প্রমাণ পায় ২০১৮ ও ২০২২ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ বেছে নিতে সংস্থাটির কর্মকর্তারা সীমাহীন দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এই দুটি বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে রাশিয়া ও কাতারের নাম।