ফিফার শাস্তির ভয় পাচ্ছে না রিয়াল!
এমনিতে খবরটা নিয়ে খুব বেশি তোলপাড় পড়ে যাওয়ার কিছু নেই। ক্লাবগুলো দলবদলে বেআইনি কিছু করছে কি না, সেটা খতিয়ে দেখা ফিফার দায়িত্বই। রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের দলে আনতে সব আইন মানছে কি না, সেটাও ফিফা তদন্ত করে দেখতে পারে। কিন্তু ব্যাপারটা একটু অন্য মাত্রা পাচ্ছে কিছুদিন আগের একটা ঘটনায়। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে টেনে নিয়মভঙ্গ করায় বার্সেলোনা সামনের মৌসুম পর্যন্ত দলবদলই করতে পারবে না। বার্সেলোনা শাস্তি পাওয়াতেই সিঁদুরে মেঘ দেখছে এখন রিয়াল।
এমনিতে ফিফার আইনে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের দলবদল নিষিদ্ধ। তবে বেশ কিছু শর্ত মেনে সেটা করা যেতে পারে। ক্লাবগুলো হরহামেশা সেটাই করছে। কিন্তু বার্সেলোনা নিয়ম না মানার কারণেই এখন আর খেলোয়াড় কেনাবেচা করতে পারছে না। এ মুহূর্তে মাদ্রিদের ২২টি যুব ক্লাবের সঙ্গে তরুণ খেলোয়াড়দের দলবদল নিয়ে চুক্তি আছে রিয়ালের। ফিফা সেসবের বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য অনুরোধ করেছে রিয়ালকে।
রিয়ালের একজন পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো দাবি করছেন, তাঁরা এটা নিয়ে মোটেই উদ্বিগ্ন নন। বরং ফিফাকে সব রকম সাহায্য করতেই রিয়াল প্রস্তুত। কদিন আগেই অবশ্য ১৬ বছর বয়সী নরওয়েজিয়ান খেলোয়াড় মার্টিন ওডেগার্ডের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। তবে সেটা নিয়ে রিয়ালের আশঙ্কার খুব বেশি কারণ নেই, কেননা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে ১৬ বছর বয়স থেকেই খেলোয়াড়েরা ক্লাব বদল করতে পারে। এএফপি।