ফিফার সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে পারে অ্যাডিডাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিডাস সম্পর্কচ্ছেদ করতে পারে ফিফার সঙ্গে। ছবি: সংগৃহীত।
অ্যাডিডাস সম্পর্কচ্ছেদ করতে পারে ফিফার সঙ্গে। ছবি: সংগৃহীত।

ফিফার নানা কেলেঙ্কারিতে এই মুহূর্তে টালমাটাল ফুটবল দুনিয়া। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার কর্মকাণ্ডে যে ধরনের অনৈতিকতা ধরা পড়ছে, তা নিয়ে চিন্তিত এর পৃষ্ঠপোষকেরাও। কোকাকোলা, মাস্টারকার্ড, ভিসা’র মতো প্রতিষ্ঠানগুলো ফিফায় সংস্কার দাবি করেছে। কোকাকোলা আর ভিসা তো আরও এক ধাপ এগিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারেরই পদত্যাগ দাবি করে বসেছিল। সেই তুলনায় অ্যাডিডাসের দাবি কেবল সংস্কারটাই। প্রতিষ্ঠানটির ভয়, কেলেঙ্কারিতে বুঁদ হয়ে থাকা ফিফার কোনো তদন্তে তাদের প্রতিষ্ঠানকে না আবার টেনে আনা হয়। সে জন্য খুব দ্রুতই সংস্কারটা দরকার মনে করে জার্মানি ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। অন্যথায় ফিফার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কটাও শেষ করে দিতে পারে তারা।

১৯৭০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপ ফুটবলের আসরে ম্যাচ বল সরবরাহ করে আসছে বিশ্বখ্যাত এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। গত বছর অ্যাডিডাসের সঙ্গে ফিফা চুক্তির মেয়াদ বাড়ায় ২০৩০ পর্যন্ত। আগামী চারটি বিশ্বকাপেও অ্যাডিডাসের সম্পৃক্ততা থাকছে।

অ্যাডিডাসের চেয়ারম্যান হারবার্ট হেইনার বলেছেন, প্রতিষ্ঠান হিসেবে তাদের চাওয়া বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থায় বড় ধরনের সংস্কার। এই মুহূর্তে ফিফার বিভিন্ন দুর্নীতি-কেলেঙ্কারি তদন্তে যা যা করা হচ্ছে তাতে তিনি মনে করেন এই সংস্কার কার্যক্রম সঠিক পথেই এগিয়ে চলেছে।

জার্মানির হ্যান্ডেলসব্লাট নামের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হেইনার এ ব্যাপারে ফিফাকে সাবধানই করেছেন, সংস্কার কার্যক্রম থমকে গেলে ফিফার সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি থাকছেই। এ বিষয়ে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।