ফিফায় অবিশ্বাস ফুটবলপ্রেমীদের
গত এক বছরের ক্রীড়াজগতে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ফিফা। ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান সেপ ব্ল্যাটারসহ আরও অনেকেই দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ কিংবা গৃহবন্দী। এর প্রভাব পড়েছে সমর্থকদের মনেও। ফিফার ওপর আস্থা হারাচ্ছেন তাঁরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২৮টি দেশে ২৫ হাজার ফুটবল সমর্থকের ওপর জরিপ করে এই তথ্য দিয়েছে। জরিপে দেখা গেছে, ৬৯ ভাগ ফুটবল সমর্থকই ফিফাকে বিশ্বাস করেন না। আরও আশঙ্কার ব্যাপার, দুর্নীতির জালে জড়িয়ে পড়া ফিফা যে এর থেকে উদ্ধার পাবে, সেটির আশাও নেই অর্ধেক মানুষের। ৫০ শতাংশ সমর্থকই ফিফা কখনো দুর্নীতির এই জঞ্জাল সরাতে পারবে বলে মনে করেন না।
জরিপে উত্তরদাতাদের মধ্যে সংশয় ছিল ২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচনে প্রার্থীদের নিয়েও। মনোনীত প্রার্থীদের সবাই-ই ফিফাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তাতে ফুটবলপ্রেমীদের মন গলছে না। ৬০ শতাংশ সমর্থকই চান না, বর্তমানে মনোনীত প্রার্থীদের কেউ ফিফা প্রধানের আসনে বসুন।
দুর্নীতির কারণে ফিফা তো আস্থা হারাচ্ছেই, সাধারণ মানুষের সংশয় জাগছে খেলাটিকে ঘিরেও। জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশই বলছে, শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ঘুষের আদান-প্রদানের অভিযোগের কারণে খেলাটির স্বচ্ছতা নিয়ে সংশয় জেগেছে তাদের মনে। ফুটবলকে তাই আর আগের মতো উপভোগ করতে পারছে না।
সব ফলই নেতিবাচক। তবে জরিপ প্রতিবেদনের সম্পাদক গ্যারেথ সোয়েইনি এখনো আশা দেখছেন ভালো কিছুর, ‘ফিফাকে জরিপের বার্তাটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। যদি তারা কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সমর্থকেরা ফুটবল থেকে আকর্ষণ হারাবে। মানুষের বিশ্বাস অনেক কমে গেছে। কিন্তু যদি এখনই কাজ শুরু করা যায়, তাহলে সমর্থকেরা ফিফাকে আরেকটা সুযোগ দেবে।’ টিআই ওয়েবসাইট।