ফিফায় আরও শতাধিক সন্দেহজনক লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডালপালা মেলেই যাচ্ছে ফিফার কেলেঙ্কারির খবর। সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (ওএজি) জানিয়েছে, ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ার অভিপ্রায়ে হওয়া ১৩৩টি সন্দেহজনক লেনদেন তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত আগস্টে সুইজারল্যান্ডের অ্যার্টনি জেনারেলের কার্যালয় ফিফায় অন্য ১০৩টি দুর্নীতির অভিযোগ তদন্ত করার কথা বলেছিল।
ওএজি জানিয়েছে, সুইজারল্যান্ডের অর্থ-সংক্রান্ত অপরাধ তদন্তের গোয়েন্দা ইউনিটের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই তদন্ত চালানো হচ্ছে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন-সংক্রান্ত যেসব অভিযোগের তদন্ত এই মুহূর্তে চলছে এই ১৩৩টি লেনদেন তারই অংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষও একই সঙ্গে ফিফার বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। বিপণন ও সম্প্রচারস্বত্ব বিক্রি-সংক্রান্ত বিভিন্ন দুর্নীতিতে জড়িত সন্দেহে ২৭ জন শীর্ষ ফুটবল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছে তারা। এর মধ্যে ১২ জন কর্মকর্তা ও দুটি ফুটবল বিপণন সংস্থাকে দণ্ডও দেওয়া হয়েছে।
ব্যাংকের মাধ্যমে হওয়া সন্দেহজনক লেনদেনগুলোর তদন্তে সহায়তা করার জন্য সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষস্থানীয় সুইস ব্যাংক ইউবিএস ও ক্রেডিট সুইস স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বেশ কিছু ব্যক্তির ব্যাংকিং লেনদেনের তথ্য জানতে চেয়েছে। রয়টার্স।