ফিফায় আস্থা নেই ফুটবলপ্রেমীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটার-প্লাতিনি। ফিফাকে কলঙ্কিত করেছেন তাঁরা? ছবি-এএফপি।
ব্ল্যাটার-প্লাতিনি। ফিফাকে কলঙ্কিত করেছেন তাঁরা? ছবি-এএফপি।

দুর্নীতির অভিযোগে জেরবার হয়ে আছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার আট বছরের জন্য নিষিদ্ধ, সহ-সভাপতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নিষিদ্ধ কিংবা গৃহবন্দী। দুর্নীতির অভিযোগ আছে আঞ্চলিক সংগঠনগুলোকে ঘিরেও। এরই প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির সমর্থকদের মধ্যে। ফিফার ওপর আস্থা হারাচ্ছেন তাঁরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক জরিপে দেখা গেছে, ৬৯ ভাগ ফুটবল সমর্থকেরই ফিফার ওপর কোনো আস্থা নেই। সম্প্রতি বিশ্বজুড়ে খেলাধুলায় দুর্নীতি নিয়ে ‘দ্য গ্লোবাল করাপশান রিপোর্ট: স্পোর্ট’ নামে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে টিআই। ২৮টি দেশে ২৫ হাজার ফুটবল সমর্থকের ওপর এই জরিপ করা হয়েছে। তাতে দেখা গেছে, প্রায় ৬৯ শতাংশ সমর্থকই ফিফাকে বিশ্বাস করেন না। তার চেয়েও আশঙ্কার ব্যাপার, দুর্নীতির জালে জড়িয়ে পড়া ফিফা যে এর থেকে উদ্ধার পাবে, সেটির আশাও নেই অর্ধেক মানুষের। ৫০ শতাংশ সমর্থকই ফিফা কখনো এই জঞ্জাল সরিয়ে পরিষ্কার রূপে দেখা দেবে এমন আশা করেন না।

শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ঘুষের আদান-প্রদানের গুঞ্জন—এই ব্যাপারগুলো খেলাটির প্রতিই সমর্থকদের সংশয় বাড়িয়ে দিচ্ছে। সরল বিশ্বাস নিয়ে ফুটবলের নির্মল বিনোদন উপভোগ করতে পারছেন না তাঁরা। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৩ শতাংশই বলেছেন, ফিফার দুর্নীতির কারণে ফুটবলটাকে আর আগের মতো উপভোগ করতে পারছেন না।
সংশয় আছে আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নিয়েও। মনোনীত প্রার্থীদের সবাই-ই তাঁদের ‘ইশতেহারে’ ফিফাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও, তাতে সাধারণ ফুটবলপ্রেমীদের যেন বিশ্বাস নেই। ৬০ শতাংশ সাধারণ ফুটবল সমর্থকই চান না, বর্তমানে মনোনীত প্রার্থীদের কেউ ফিফা প্রধানের আসনে বসুন।


জরিপের ফল প্রকাশিত হবার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কোবাস ডে সোয়ার্ডট বলেছেন, ‘খেলা আসলে বিশ্বে ভালো কিছুর জন্য শক্তি জোগায়। তবে শুধু ফুটবল নয়, অ্যাথলেটিকস ও টেনিসে সাম্প্রতিক কেলেঙ্কারিগুলো দেখাচ্ছে, দুর্নীতির কাছে কতটুকু নাজুক খেলাগুলো। এটা এখনই বন্ধ করতে হবে।’
জরিপ প্রতিবেদনের সম্পাদক গ্যারেথ সোয়েইনিও বলছেন, খেলার স্বার্থেই ফিফাকে দ্রুত শোধরাতে হবে, ‘ফিফাকে এই বার্তাটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। যদি ওরা কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সমর্থকেরা ফুটবল থেকে আকর্ষণ হারাবে। মানুষের বিশ্বাস অনেক কমে গেছে, কিন্তু যদি এখনই কাজ শুরু করা যায়, তাহলে সমর্থকেরা ফিফাকে আরেকটা সুযোগ দেবে।’ সূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।