ফিফায় লড়বেন জিকো
ফুটবল-বিশ্বে এখন কোটি টাকার প্রশ্ন, সেপ ব্ল্যাটারের উত্তরসূরি কে হবেন? প্রিন্স আলী বিন আল হুসেইন তো আছেনই, মিশেল প্লাতিনিসহ আরও অনেকের নাম শোনা যাচ্ছে। তবে ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণার পর সভাপতি পদে প্রথম প্রার্থিতা ঘোষণা করেছেন ব্রাজিল কিংবদন্তি জিকো। এদিকে ফিফায় রদবদল চলছেই। কাল দায়িত্ব ছেড়েছেন ফিফার গণসংযোগ বিভাগের প্রধান ওয়াল্টার ডি গ্রেগরিও।
ফিফা সভাপতির পদ থেকে ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণার পরই প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন জিকো। পরশু এটি নিশ্চিত করলেন,‘আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্তটা চূড়ান্ত করেছি। আমার মনে হয় আমার সেই সামর্থ্য আছে। এটা নিশ্চিত, কিছু নিয়ম বদলাতেই হবে।’
তবে সভাপতি হওয়ার জন্য অন্তত পাঁচটি দেশের ফেডারেশনের সমর্থন লাগে। জিকো ঠিক নিশ্চিত নন সেটা পাবেন কি না, ‘আমি জানি পাঁচটি ফেডারেশনকে পাশে পেতে হবে। আমার মনে হয় এখান থেকেই দুর্নীতি শুরু হয়। আসলে অনেক কিছুই বদলাতে হবে।’
ক্যারিয়ারে জাপান, ইরাকসহ আরও বেশ কয়েকটি দলের কোচ ছিলেন। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব প্রশাসনিক অভিজ্ঞতাও যোগ করেছে নামের পাশে। জিকো তাই আশাবাদী, ‘আমার অভিজ্ঞতা ও জ্ঞান আছে।’ জানিয়েছেন, সভাপতি পদে লড়ার আগে আগের নির্বাচনের প্রার্থী লুইস ফিগোর সঙ্গে কথা বলেছেন। তবে ফিগো এখনো নিজের প্রার্থিতার ব্যাপারটি নিশ্চিত করেননি।
আশ্চর্য যে সভাপতি হিসেবে অনেকেই যাঁকে দেখছেন, সেই প্লাতিনি মুখে কুলুপ এঁটে আছেন। পরশু উয়েফার কংগ্রেসে সভাপতি হওয়া নিয়ে দূরে থাক, ফিফা সম্পর্কেই কিছু বলেননি উয়েফা সভাপতি, ‘অনেকেই ফিফার সমস্যা ও আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করছেন। আমি সবকিছুই বলব, কিন্তু এখন সেটা বলার সময় আসেনি।’
গণসংযোগ পরিচালক ডি গ্রেগরিওর পদত্যাগ কী কারণে সেটা নিশ্চিত করেননি। ফিফা মহাসচিব জেরোম ভালকে শুধু একটা বিবৃতিতে জানিয়েছেন, ‘ওয়াল্টার চার বছর যা করেছেন, তাতে ওঁর প্রতি আমরা কৃতজ্ঞ।’ তবে তার আগের একটি ঘটনা থেকে কারণটা আঁচ করা যেতে পারে। সুইস পুলিশ পরশু জুরিখে ফিফার সদর দপ্তর থেকে বিভিন্ন কম্পিউটারে রাখা সব তথ্য জব্দ করে নিয়ে গেছে। বিবিসির দাবি, এর মধ্যে ব্ল্যাটার, ভালকে ও ফিফার প্রধান আর্থিক কর্মকর্তা মারকুস ক্যাটনারের কম্পিউটারও রয়েছে। তবে ঠিক কী তথ্য জব্দ করা হয়েছে, সেটা সুইস পুলিশ নিশ্চিত করেনি। এএফপি।